রাজধানী থেকে ১৪ রোহিঙ্গাসহ ১৬ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে গত শনিবার রাতে মিয়ানমারের ১৪ জন নাগরিকসহ (রোহিঙ্গা) ১৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির কর্মকর্তারা জানান, অনুপ্রবেশের অভিযোগে এই রোহিঙ্গাদের গ্রেপ্তার করা হয়। তাঁরা বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহ করার ও মধ্যপ্রাচ্যে যাওয়ার চেষ্টা করছিলেন।ডিবির কার্যালয়ে গতকাল রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে এই ১৬ জনকে গণমাধ্যমের সামনে হাজির করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ডিবির উপকমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম। গ্রেপ্তার হওয়া রোহিঙ্গারা হলেন: আবদুর রহমান, আবদুল্লাহ, মো. সাকেদ, আনিছুর রহমান, কেফায়াত উল্লাহ, মো. আনোয়ার, জাহেদ হোসেন, আবদুল মোতালেব, তৈয়ব নুর, নূর মোহাম্মদ, আরফাত, আবুল মিয়া ওরফে আবদুল গফুর, আনোয়ার হোসেন ও নুর মোহাম্মদ। এঁদের সঙ্গে গ্রেপ্তার হওয়া দুই বাংলাদেশি হলেন আবদুল কুদ্দুস ও ইউনুছ।সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার গোলাম মোস্তফা রাসেলের নেতৃত্বে একটি দল ফকিরাপুল এলাকা থেকে এই ১৬ জনকে গ্রেপ্তার করে। রোহিঙ্গারা মধ্যপ্রাচ্যে যেতে বাংলাদেশি পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র তৈরির জন্য ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন।ডিবির কর্মকর্তারা জানান, বাংলাদেশ থেকে অবৈধভাবে পাসপোর্ট সংগ্রহ করে এর আগে অনেক রোহিঙ্গা মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কাজ করতে গেছেন। তাঁরাও একই প্রক্রিয়ায় যেতে চেয়েছিলেন।