রাজধানী যেন উৎসবের নগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে।’ রাজধানীতে পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ছিল শিশুদের রাজত্ব। শিশু পার্ক, চিড়িয়াখানা, চটপটি-ফুচকার দোকান, সবটাই ছিল শিশুদের দখলে। পরিপূর্ণ ঈদের আনন্দ উপভোগে কোনো বাধা ছিল না। বড়দের হাত ধরে কিংবা বন্ধুদের নিয়ে শিশু-কিশোরেরা ঘুরে বেড়িয়েছে বিভিন্ন স্থানে।ঈদের ছুটিতে রাজধানী ফাঁকা থাকলেও বিনোদনকেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। বিশেষ করে শিশুপার্ক, মিরপুর চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন এবং রাজধানীর বাইরে নন্দন পার্ক, ফ্যান্টাসি কিংডমে লোকজনের আনাগোনা ছিল প্রচুর।ঈদের দিন (সোমবার) বিকেলে বৃষ্টি কমলে শিশু পার্ক ও পরের দিন ফ্যান্টাসি কিংডমে ঘুরেছে সিয়াম। বড়দের কাছ থেকে আদায় করা ঈদি (সালামি) দিয়ে বন্ধুদের নিয়ে চটপটি খেয়েছে সে। স্কুল খুললেই পরীক্ষা, তাই এই ছুটিতেই ঘুরে বেড়াবার সাধ মিটিয়ে নিয়েছে সিয়াম।ঈদের পরের দিন বড় ভাই ও ভাবির সঙ্গে আশুলিয়া ঘুরতে গিয়েছিল দশম শ্রেণীর ছাত্রী আঁখি। সঙ্গে ছিল আরও তিন বান্ধবী। ‘অনেক দিনের ইচ্ছে ছিল আশুলিয়া যাবার, তাই আগে থেকেই ভাবিকে পটিয়ে রেখেছিলাম’, বলল আঁখি।পোশাকশ্রমিক যাঁরা ঈদে বাড়ি যেতে পারেননি, তাঁদের একটি বড় অংশ ঘুরতে বের হয় রাজধানীর চন্দ্রিমা (জিয়া) উদ্যানে। চটপটি আর বাদাম খেয়ে ঈদের আনন্দ উদ্যাপন করেছে তারা। মিরপুরে শোভা গার্মেন্টসে কাজ করেন হাসিনা। তিনি জানান, ছুটি কম ও ঠিকমতো বেতন-ভাতা না পাওয়ায় বাড়ি যাননি। কিন্তু ছোট ভাইকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে সংসদ ভবনে ঘুরতে এসেছেন।চিড়িয়াখানায় ঈদের দিন ও পরদিন ভিড়টা একটু কমই ছিল। শিশুদের প্রথম পছন্দ চিড়িয়াখানা হলেও বৃষ্টির কারণে অনেকেই সেখানে যেতে পারেনি। তবে গতকাল বুধবার সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। মা-বাবা বা আত্মীয়স্বজনের সঙ্গে বেড়াতে আসা শিশুদের কারও হাতে ছিল বেলুন, কারও হাতে বাঁশি। যাত্রাবাড়ী থেকে আসা সপ্তম শ্রেণীর ছাত্র তুহিন জানাল, ‘বাঘ দেখে আমি দারুণ খুশি। বানরের লাফালাফিও খুব মজা লেগেছে।’ ঈদ উপলক্ষে দর্শনার্থীদের দুর্ভোগ কমাতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ সুপেয় পানি, পরিচ্ছন্ন টয়লেটের ব্যবস্থাসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল। দুপুরের পর দর্শনার্থীদের সামলাতে হিমশিম খেয়েছেন প্রবেশদ্বারের নিরাপত্তাকর্মীরা। চিড়িয়াখানার জনসংযোগ কর্মকর্তা মানসুরা হাসিন প্রথম আলোকে বলেন, ‘যেভাবে দর্শনার্থী আসছে, তাতে দিন শেষে দর্শনার্থীর সংখ্যা লাখ দেড়েক হবে।’ঈদের বন্ধে বেশ ভিড় ছিল নগরের ফাস্টফুডগুলোর দোকানেও। বাড়ির সেমাই, পোলাও-মাংসের পরও বন্ধুদের সঙ্গে বার্গার-চিকেন ফ্রাই খেতে এসেছিল শিশু-কিশোর-তরুণের দল।তবে বেশ হালকা ছিল রাজধানীর সিনেমা হলগুলো। ঈদের ছুটিতে বেশি লোক এখন হলে সিনেমা দেখতে আসে না বলে আক্ষেপ করলেন বলাকা সিনেমা হলের টিকিট কাউন্টারের মোহাম্মদ রাজু। ‘দশ বছর আগেও লোকজন ঈদের ছুটিতে নতুন সিনেমা দেখতে আসতেন। কিন্তু দিনে দিনে হলে লোক আসা কমে গেছে।’ বলছিলেন তিনি।পুরো উল্টো চিত্র ছিল বসুন্ধরা শপিং সেন্টারের স্টার সিনেপ্লেক্সে। তিনটি প্রেক্ষাগৃহে চলছে তিনটি ছবি—এভেঞ্জারস, স্নো হোয়াইট অ্যান্ড দি হান্টসম্যান, মোস্ট ওয়েলকাম। সবগুলোই হাউসফুল ছিল বলে জানালেন সিনেপ্লেক্সের টিকিট কাউন্টারের রাসেল। ঈদের পরের দিন বিভিন্ন বয়সের লোকজনের পদভারে গমগম ছিল বেইলি রোডের নাটকপাড়া। ঈদের দিন ও পরের দিন মিলিয়ে প্রায় ২০ হাজার টাকার চটপটি-ফুচকা বিক্রি করেছেন নাসির। গাড়ি নিয়ে তাঁর বানানো চটপটি-ফুচকা খেতে এসেছিলেন অনেকেই।