রাজধানীজুড়ে আজ বিজয় উৎসব
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এ উপলক্ষে রাজধানীজুড়ে বিজয় উৎসবের আয়োজন করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।সেক্টর কমান্ডারস ফোরাম বেলা তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনসংলগ্ন বেদিতে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের প্রতীকী অনুষ্ঠানের আয়োজন করেছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন ঢাকায় বসবাসরত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুনর্মিলনীর আয়োজন করেছে। বেলা ১১টায় ওসমানী উদ্যানে এ অনুষ্ঠান শুরু হবে। মুক্তিযুদ্ধ জাদুঘর সপ্তাহব্যাপী ‘মানবাধিকার দিবস থেকে বিজয় দিবস’ শীর্ষক উৎসবের আয়োজন করেছে। আজ উৎসবের শেষ দিনে জাদুঘর প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে আইডিয়াল স্কুল (নারায়ণগঞ্জ), কল্পরেখা, ম্যাগনোলিয়া ইন্টারন্যাশনাল স্কুল, ইউসেপ স্কুল ও ধ্রুপদ কলাকেন্দ্র। ছায়ানটের গীতি-আলেখ্য বাঙালির মুক্তিসংগ্রাম অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাড়ে ছয়টায় ছায়ানট মিলনায়তনে। বিকেলে জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠ প্রাঙ্গণে অনুষ্ঠেয় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে বধ্যভূমির সন্তান দল, সপ্তডিঙ্গা শিশু-কিশোর সংগঠন ও মৃদঙ্গ নৃত্যালয়।আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর আজ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত নিজস্ব ভবনে মুক্তিযুদ্ধবিষয়ক বই, পত্রপত্রিকা, দলিল-দস্তাবেজ, ম্যাপ ও আলোকচিত্র প্রদর্শনীর বিশেষ আয়োজন করেছে। প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত। কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা সেগুনবাগিচায় নিজস্ব কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় শিশুতোষ চলচ্চিত্র আমার বন্ধু রাশেদ প্রদর্শনীর আয়োজন করেছে। বিকেল চারটায় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে গণফোরাম। এ ছাড়া সর্বজনীন পূজা কমিটি, ইসলামী সমাজসহ অন্যান্য সংগঠনও সাভার স্মৃতিসৌধে পুষ্প অর্পণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্যোগ নিয়েছে।