রাজধানীজুড়ে বিজয় উৎসব
মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবি নিয়ে উদ্যাপিত হলো আরেকটি বিজয় দিবস। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের প্রতিষ্ঠান গতকাল রোববার রাজধানীতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪১তম বিজয় দিবস উদ্যাপন করেছে।বাসস জানায়, বিজয় দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনের সামনে মানুষের ঢল নামে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা মিছিল করে ৩২ নম্বর সড়কের পূর্ব ও পশ্চিম পাশের মোড়ে জমায়েত হতে থাকেন। মাথায় বিজয় দিবসের ব্যান্ড বেঁধে অথবা লাল-সবুজ পোশাক পরে তাঁরা ‘জামায়াত-শিবির-রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘গোলাম আযম, নিজামী, মুজাহিদের ফাঁসি চাই’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন। সকাল আটটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে সরকারপ্রধান হিসেবে ও পরে দলীয় প্রধান হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধানমন্ত্রী যাওয়ার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, কেন্দ্রীয় যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ প্রভৃতি সংগঠন। সকাল ১০টার মধ্যে ফুলে ফুলে ভরে যায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি।বঙ্গবন্ধু গবেষণা পরিষদ বিজয় দিবস উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করে। সেখানে মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। ভাসানী সাহিত্য-সাংস্কৃতিক পরিষদ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয় নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) দুপুরে দলীয় কার্যালয়ে ‘আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। এ ছাড়া বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশার-ছালাম), তিব্বিয়া হাবিবিয়া কলেজ প্রভৃতি সংগঠন।গুলশান ইয়ুথ ক্লাব নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস উদ্যাপন করেছে। সব বয়সীদের জন্য উন্মুক্ত বর্ণাঢ্য ওয়াকাথন ও ম্যারাথনে ছিল খুদে স্কেটারসহ দেশি-বিদেশি অংশগ্রহণকারী। এ ছাড়া ছিল সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম পরিচালিত এভারেস্ট একাডেমির সহযোগিতায় পরিবেশিত হয় দুঃসাহসিক অভিযান ও আনন্দ কার্যক্রম।জাতীয় প্রেসক্লাব ‘বিজয়ের পঙিক্তমালা’ শীর্ষক ক্লাব সদস্য কবিদের স্বরচিত কবিতা পাঠের আয়োজন করে। প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদের উপস্থিতিতে এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কবি ফজল শাহাবুদ্দীন।ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস: তারুণ্য, উচ্ছ্বাস আর উৎসবের অপূর্ব সম্মিলনে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদ্যাপিত হয়। বিশ্ববিদ্যালয়ের সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলোর দিনব্যাপী অনুষ্ঠানমালায় ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবের আমেজ। প্রতিবারের মতো এবারও স্লোগান ৭১, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিস্ট সোসাইটি, প্রভাতফেরি, সাংস্কৃতিক ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি এবং ব্যাকবেঞ্চারস ‘রক্তে রাঙা বিজয় আমার’ শীর্ষক তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে।১৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ উৎসবের গতকাল ছিল শেষ দিন। রোববার প্রথম প্রহরে রাজু ভাস্কর্যের পাদদেশে আতশবাজি ফুটিয়ে বিজয়ের প্রথম প্রহর উদ্যাপন করা হয়। এ ছাড়া দিনব্যাপী যুদ্ধাপরাধীদের ব্যঙ্গচিত্রে ডার্ট নিক্ষেপ ও দিবস উপলক্ষে বিশেষ দেয়ালিকা প্রকাশ, বিকেল চারটা ৩১ মিনিটে বিজয় মুহূর্ত উদ্যাপন করা হয়। দিবস উদ্যাপনে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি ৪২টি ফানুস ওড়ায়।