রাজধানীজুড়ে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য আয়োজন
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবে। এসব অনুষ্ঠানের মধ্যে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ছাড়াও থাকছে মিলাদ মাহফিল, আলোচনা সভা, আবৃত্তি, শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। আওয়ামী লীগ দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু ভবন ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করবে। সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। বিএনপি দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ছাড়াও শোভাযাত্রার আয়োজন করেছে। বেলা তিনটায় দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করবে দলটি।সশস্ত্র বাহিনী দিবসের কার্যক্রম শুরু করবে তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। সেনা, নৌ ও বিমানবাহিনীর মসজিদগুলোতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তিন বাহিনীর সদস্যরা যন্ত্রসংগীত পরিবেশন করবেন। দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা করবে জামায়াতে ইসলামী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শিক্ষক পরিবার মিলাদ মাহফিল ও আলোচনা সভা করবে। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করবে বাংলা একাডেমী। বিশেষ প্রার্থনা সভা করছে ঢাকেশ্বরী জাতীয় মন্দির। মোমবাতি প্রজ্বালন ও আলোচনা সভা করবে রমনা কালীমন্দির ও শ্রী মা আনন্দময়ী আশ্রম পূজা উদ্যাপন পরিষদ। সকালে শিখা চিরন্তনে মুক্তিযোদ্ধাদের শপথ অনুষ্ঠনের আয়োজন করেছে মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ।ঢাকা শিক্ষা বোর্ড আলোচনা সভা করেবে। স্বেচ্ছায় রক্তদান, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা সিটি কলেজ। সাংস্কৃতিক অনুষ্ঠান করবে নজরুল ইনস্টিটিউট। চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর। কেন্দ্রীয় কচি-কাঁচা ও সংস্কৃতি কেন্দ্র আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা আবৃত্তির আয়োজন করেছে মুক্তধারা সংস্কৃতিচর্চা কেন্দ্র। সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত শিশুদের বিনা মূল্যে পার্কে প্রবেশ ও খেলা উপভোগ করার ব্যবস্থা করেছে গুলশানের ওয়ান্ডারল্যান্ড।এ ছাড়া বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বিজেপি, চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি, জাসদ, নারী ও শিশু উন্নয়ন পরিষদ, আমরা কুঁড়ি, খ্রিষ্টান অ্যাসোসিয়েশন, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, জাতীয় জাদুঘর, অ্যামেচার বক্সিং ফেডারেশন, জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাতীয় শ্রমিক লীগ, বাংলাদেশ রাইফেলস, নাগরিক সমাজ, মহিলা পরিষদ, গণফোরাম, স্বেচ্ছাসেবক লীগ, গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বঙ্গবন্ধু শিল্পীগোষ্ঠী, ন্যাপ বিভিন্ন কর্মসূচি পালন করবে।