রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে ৫ ব্যক্তি
রাজধানীতে আজ সোমবার আলাদা ঘটনায় পাঁচ ব্যক্তি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। এ পাঁচজনের মধ্যে তিনজনই মিরপুরে ঘটনার শিকার হন। বর্তমানে তাঁরা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
অজ্ঞান পার্টির খপ্পরে পড়া পাঁচ ব্যক্তি হলেন ঢাকা ওয়াসার কর্মী মো. মহসীন (৫০), মুরগি ব্যবসায়ী আতাউর রহমান (৫০), মো. হানিফ (২৫), খিলগাঁও ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক মঞ্জুরুল হক (৫০) ও অজ্ঞাত পরিচয় এক পুরুষ ব্যক্তি (৩৫)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, বেলা সাড়ে তিনটার দিকে মিরপুর সাড়ে ১১ নম্বরের বাসস্ট্যান্ডের কাছে ওয়াসার কর্মী মহসিনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পকেটে থাকা ভিজিটিং কার্ড দেখে তাঁর স্ত্রী রাজিয়া সুলতানাকে ফোন দেওয়া হলে তিনি ঘটনাস্থলে গিয়ে স্বামীকে উদ্ধার করেন। সাড়ে চারটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মো. মহসিন মিরপুরের বাসিন্দা। তাঁর কাছে থাকা পাঁচ-ছয় হাজার টাকা ও মোবাইল ফোন খোয়া গেছে বলে মো. মহসীনের স্ত্রী দাবি করেছেন।
এ ঘটনার কিছু সময় পর মিরপুর সাড়ে ১১ নম্বর বাসস্ট্যান্ডের অদূরে মুরগি ব্যবসায়ী আতাউরকে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। তাঁর কাছে থাকা মোবাইল সেট থেকে নম্বর বের করে স্ত্রী মাহমুদা আক্তারকে কল দিয়ে বিষয়টি জানানো হয়। তিনি ঘটনাস্থলে গিয়ে স্বামীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। মাহমুদা আক্তার জানিয়েছেন, তাঁরা রাজধানীর গোড়ান এলাকার বাসিন্দা। তাঁর স্বামী মুরগি বিক্রি করতে মিরপুর-১২-এর পল্লবী এলাকায় গিয়েছিলেন। তাঁর স্বামীর এক লক্ষ ৪০ হাজার টাকা খোয়া গিয়েছে বলে দাবি করেছেন তিনি।
বিকেল সাড়ে চারটার দিকে হানিফ নামের এক ব্যক্তিকে কমলাপুর স্টেশন থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন রেলওয়ে থানার (জিআরপি) কনস্টেবল সাইদুল। তিনি হানিফকে বিকেল সোয়া পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হানিফের পরিচয় ও তাঁর কত টাকা খোয়া গেছে তা জানা যায়নি।
বিকেল পাঁচটার দিকে মিরপুরের আনসার ক্যাম্পের সামনে থেকে খিলগাঁও ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক মঞ্জুরুল হককে উদ্ধার করেন তাঁর ভাতিজা সাঈফ আহমেদ। সাঈফের দাবি, তাঁর চাচার ২০ হাজার টাকা ও মোবাইল ফোন খোয়া গেছে।
এ ছাড়া সন্ধ্যা ছয়টার দিকে সায়দাবাদ বাসস্ট্যান্ড থেকে অচেতন অবস্থায় এক পুরুষকে উদ্ধার করেন সার্জেন্ট মশিউর রহমান। সোয়া সাতটার দিকে ফারুক নামের এক ব্যক্তির মাধ্যমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান সার্জেন্ট মশিউর।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক প্রথম আলোকে এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।