রাজধানীতে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের
রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সামিনুল কারী (২৬) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন রিকশার এক যাত্রী। আজ রোববার ভোররাতে নিউমার্কেট থানাধীন মেডিকেল স্টাফ কোয়ার্টারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) রায়হান উদ্দিন বলেন, এলিফ্যান্ট রোডে যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত রিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দেয়। এতে রিকশা থেকে পড়ে যান চালক সামিনুল। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভোররাত পৌনে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সিএনজিচালিত অটোরিকশাটি সংবাদপত্র সরবরাহের কাজে নিয়োজিত ছিল বলে জানান উপপরিদর্শক রায়হান। তিনি বলেন, এ ঘটনায় চালকসহ সিএনজিচালিত ওই অটোরিকশা জব্দ করা হয়েছে। চালকের নাম পারভেজ (৩০)। তিনি ভোরের কাগজ পত্রিকা সরবরাহ করতেন।
নিহত ব্যক্তির চাচাশ্বশুর আমিনুল ইসলাম জানান, সামিনুল রাতে রিকশা নিয়ে বের হয়েছিলেন।
পুলিশ তথ্য অনুযায়ী, সামিনুলের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। তাঁর বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার পূর্ব কামাল বাট্টি গ্রামে। তাঁর বাবার নাম মো. সোনাহার কারী। সামিনুল পরিবার নিয়ে কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি এলাকায় থাকতেন।