রাজধানীতে অনলাইন পণ্য বিক্রেতার অস্বাভাবিক মৃত্যু
রাজধানীর জিগাতলার কাঁচাবাজার এলাকায় রজব আলী (৩২) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
রজব আলী অনলাইনে পণ্যের ব্যবসা করতেন। জিগাতলার বাসা থেকে তাঁকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। তাঁর রুমমেট জানিয়েছেন, তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল।
রজবের রুমমেট মো. মুন্না প্রথম আলোকে বলেন, তিনি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাসায় ফিরে ভেতর থেকে দরজা লাগানো পান। রজবকে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে দরজা ভেঙে দেখতে পান সিলিং ফ্যানের সঙ্গে রশি প্যাঁচানো অবস্থায় রজব ঝুলছেন।
মুন্না বলেন, তিনি রজবকে দ্রুত নামিয়ে প্রথমে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে রাত সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
মুন্না বলেন, ব্যবসায় লোকসানের মুখে পড়ে রজব মানসিক বিপর্যস্ত ছিলেন। তাঁর বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনাতনপুর গ্রামে। তিনি দুই ভাইয়ের মধ্যে বড় ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রজবকে মৃত ঘোষণা করেন।