রাজধানীতে অবরোধেও যানবাহন স্বাভাবিক
রাজধানীতে অবরোধের তৃতীয় দিনে আজ বৃহস্পতিবার যানবাহন চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে। গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়িও চলছে। তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম।
আজ বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, ইত্তেফাক মোড়, মতিঝিল, পল্টন, গুলিস্তান, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকা ঘুরে দেখা যায়, বাস ও সিএনজিচালিত অটোরিকশার চলাচল স্বাভাবিক রয়েছে। বাসগুলোতে যাত্রীদের বেশ ভিড় রয়েছে। কাউন্টারের সামনে সারি বেঁধে বাসের অপেক্ষা করছেন যাত্রীরা। তবে এসব এলাকায় ব্যক্তিগত গাড়ি চলাচল তুলনায় কম।
রূপসী বাংলা হোটেলের মোড়ে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশের একজন সদস্য জানান, রাস্তায় ব্যক্তিগত যানের সংখ্যা তুলনামূলকভাবে কম। এ জন্য সিগন্যালে বেশি সময় কোনো গাড়ি আটকে রাখা না।
তবে বেলা ১১টার দিকে বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট মোড়ে যানবাহনের লম্বা সারি দেখা গেছে।
ফার্মগেট এলাকার তেঁজগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মেয়েকে নিয়ে ফিরছিলেন মোয়াজ্জেম হোসেন। রাস্তায় যাতায়াতে অবরোধ-আতঙ্ক কাজ করছে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘এখন এগুলো স্বাভাবিক হয়ে গেছে। প্রতিদিনই হচ্ছে, ঘরে বসে থাকলে তো আর আমাদের দিন চলবে না।’