রাজধানীতে আজ থেকে চলবে না প্রাইভেট অটোরিকশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আজ বৃহস্পতিবার থেকে ঢাকা মহানগর এলাকায় ‘ঢাকা মেট্রো’ নম্বরপ্লেট ছাড়া ছাই রঙের ‘প্রাইভেট’ অটোরিকশা চলাচল করতে দেবে না পুলিশ।৭ জুন হাইকোর্টের একটি স্বতঃপ্রণোদিত রুলের নির্দেশনার আলোকে পুলিশ এই উদ্যোগ নিচ্ছে। গতকাল বুধবার পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ২১ জুন থেকে ওই নির্দেশ কার্যকর হবে।নির্দেশনা অনুযায়ী, ঢাকা মহানগরে চলাচলের জন্য নিবন্ধিত নয় এমন সব ‘প্রাইভেট’ সিএনজিচালিত অটোরিকশা (ছাই/ধূসর/রুপালি রং) ঢাকা মহানগর এলাকায় প্রবেশ ও চলাচল করতে পারবে না। নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ যেসব অটোরিকশার নম্বরপ্লেট ঢাকা মেট্রো সিরিজের নয়, সেগুলো আর রাজধানীতে চলতে পারবে না। সে ক্ষেত্রে শুধু ঢাকা সিরিজের নম্বরপ্লেট থাকা সিএনজিচালিত অটোরিকশা চলতে পারবে না। পুলিশ জানায়, ২০০৩ সালে রাজধানীতে টু স্ট্রোক অটোরিকশার চলাচল বন্ধ করে দেওয়ার পর পর্যায়ক্রমে ১৩ হাজার সবুজ রঙের সিএনজিচালিত অটোরিকশা ও কয়েক হাজার হলুদ ও কালো ট্যাক্সিক্যাবের নিবন্ধন দেওয়া হয়। কয়েক বছর যেতে না যেতেই বেশির ভাগ ট্যাক্সিক্যাব বিকল হয়ে বসে যায়। মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সম্প্রতি রাজধানীতে মিশুক চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। এখন ১৩ হাজার সিএনজিচালিত অটোরিকশা রাজধানীবাসীর চাহিদা মেটাতে পারছে না। এই সুযোগে ব্যক্তিগত বাহন হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের মিরপুর ও কেরানীগঞ্জের ইকুরিয়া কার্যালয় থেকে কয়েক হাজার প্রাইভেট অটোরিকশার নিবন্ধন দেওয়া হয়েছে। ব্যক্তিগত হিসেবে নিবন্ধিত হলেও রুপালি বা ছাই রঙের এসব অটোরিকশা মূলত ভাড়ায় চলে বলে অভিযোগ রয়েছে।হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পুলিশ ইকুরিয়া থেকে নিবন্ধনপ্রাপ্ত অটোরিকশাগুলো আর রাজধানীতে চলতে দেবে না। ওই অটোরিকশাগুলো ঢাকা মহানগরে চলার জন্য নিবন্ধিত নয়।হাইকোর্টের আদেশে বিআরটিএর প্রতি আর কোনো ব্যক্তিগত (প্রাইভেট) সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন না দিতে বলা হয়েছে। বিআরটিএকে আইন অনুযায়ী শুধু গণপরিবহন হিসেবে ব্যবহূত অটোরিকশার নিবন্ধন দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখতে বলা হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়।