রাজধানীতে আটজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন এলাকায় আটজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ও গত শুক্রবার পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে।পুলিশ জানিয়েছে, আটজনের মধ্যে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন ও ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দুজন অজ্ঞাত পরিচয় নারী-পুরুষের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে। ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। এ ছাড়া পৃথক জায়গা থেকে দুই ব্যক্তির ঝুলন্ত লাশ ও বিষপানে নিহত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।গতকাল সকালে মাতুয়াইল কাউন্সিলের সামনে বাসের চাপায় নিহত হয়েছেন ঠেলাশ্রমিক মো. দুলাল (৪৫)। এ ঘটনায় সোলায়মান নামের আরেক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ। তিনি শুরিটোলা ওভারব্রিজ-সংলগ্ন একটি মেসে থাকতেন। গতকাল ডেমরা কোনাপাড়া থেকে পাইপবোঝাই করে তিনজনে ঠেলায় করে আলুবাজার নিয়ে আসার পথে বেলা ১১টার দিকে একটি বাস তাঁদের চাপা দেয়। এতে ঠেলাশ্রমিক মো. দুলাল গুরুতর আহত হন। তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে তিনটায় তিনি মারা যান। বিমানবন্দর সড়কের কাওলা ওভারব্রিজের কাছে রাস্তা পারাপারের সময় শুক্রবার রাত পৌনে ১০টার দিকে একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন আবদুল মমিন মামুন (২৮)। গুরুতর আহতাবস্থায় তাঁকে পাশের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। নিহত মামুনের গ্রামের বাড়ি রাজশাহীর পবা নতুনপাড়া এলাকায়। শুক্রবার রাতে খিলক্ষেত রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আহত হন অজ্ঞাতপরিচয় এক যুবক (৩০)। রাত ১২টার দিকে এক পথচারী তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর পরনে ছিল হলুদ রঙের শার্ট ও নেভি ব্লু প্যান্ট। এদিকে অজ্ঞাতপরিচয় এক মহিলাকে গত শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন অজ্ঞাত পথচারীরা। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। পরনে ছিল হলুদ রঙের শাড়ি। ওই মহিলার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আরেক ঘটনায় চেক লুঙ্গি পরা এক অজ্ঞাতপরিচয় পুরুষকে গুরুতর আহতাবস্থায় শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেলের ৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি রাতেই মারা যান। তিনিও সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন বলে তাঁকে নিয়ে আসা পথচারীরা জানান। তবে এই দুজন কখন, কোথায় দুর্ঘটনার শিকার হয়েছেন তা জানা যায়নি।রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার একটি বাসা থেকে আবদুল করিম (৩০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। স্বজনেরা জানিয়েছেন, পারিবারিক কলহের একপর্যায়ে শুক্রবার রাতে স্ত্রী লায়লাকে ঘর থেকে বের করে দেন করিম। এরপর গতকাল শনিবার সকালে তাঁর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। তিনি মধ্যবাড্ডার একটি কারখানায় কাজ করতেন। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।শুক্রবার গভীর রাতে কদমতলী থানাধীন মাতুয়াইল এলাকার একটি বাসা থেকে মোরশেদ হোসেন কায়েস (৩২) নামের আরেক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।গাবতলী সিটি কলোনিতে বিষপানে নাসিমা আক্তার (১৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পুলিশ ও মর্গ সূত্র জানায়, তিন মাস আগে ট্রাকশ্রমিক মো. সবুজের সঙ্গে নাসিমার বিয়ে হয়। এরপর গতকাল বিকেল পাঁচটায় তাঁর মুখ দিয়ে ফেনা বের হওয়া অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নিহতের চাচা আবুল কাশেম দারুসসালাম থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।