রাজধানীতে আলাদা দুর্ঘটনায় দুজন নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ও আজ শনিবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় এই দুজন নিহত হন।
রাজধানীর পল্টন থানার গুলিস্তানে যাত্রীবাহী বাসের চাপায় জাহাঙ্গীর মাতুব্বর (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ সকাল সাড়ে আটটার দিকে গুলিস্তানের খাবারদাবার হোটেলের সামনে এ ঘটনা ঘটেছে। গতকাল দিবাগত রাত একটার দিকে একই থানার বায়তুল মোকাররম থেকে জিরো পয়েন্ট যাওয়ার রাস্তা থেকে ১৭ বছর বয়সী এক পথশিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সেও সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার পরিচয় পাওয়া যায়নি।
সকালের দুর্ঘটনার ব্যাপারে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীর রাস্তা পার হওয়ার সময় মনজিল পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসআই আরও জানান, ময়নাতদন্তের জন্য জাহাঙ্গীরের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া প্রথম আলোকে বলেন, ‘জাহাঙ্গীরের বাড়ি ফরিদপুরের বোয়ালমারীতে। তিনি দিনমজুর বলে জেনেছি। তবে বিস্তারিত এখনো জানতে পারিনি। এ দুর্ঘটনায় দায়ী বাসটি জব্দ করা হয়েছে।’
পথশিশুর লাশ উদ্ধারের বিষয়ে ওসি জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। সে কীভাবে দুর্ঘটনার শিকার হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।