রাজধানীতে উড়াল সড়কের নির্মাণকাজ শুরু এ মাসেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যানজট নিরসনে নেওয়া ঢাকা উড়ালসড়ক প্রকল্পের কাজ চলতি মাসেই শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উড়াল সড়ক নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। উড়ালসড়কটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে শুরু হয়ে রেললাইন ঘেঁষে যাত্রাবাড়ী পর্যন্ত যাবে।যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন গতকাল বৃহস্পতিবার প্রকল্প এলাকা পরিদর্শনকালে বনানীতে সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, উড়ালসড়কটি ভবিষ্যতে উত্তরে জয়দেবপুর চৌরাস্তা এবং দক্ষিণে নারায়ণগঞ্জ পর্যন্ত সম্প্রসারণ করা হবে। মন্ত্রী সাংবাদিকদের জানান, সরকার ঢাকা মহানগরের যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে মেয়র হানিফ ফ্লাইওভার, মিরপুর-এয়ারপোর্ট রোড ফ্লাইওভার ও বনানী রেলক্রসিংয়ে ওভারপাস এবং কুড়িল ফ্লাইওভার নির্মাণের কাজে হাত দিয়েছে। শিগগিরই মেট্রোরেল এবং বাসের বিশেষ লেনের (বিআরটি) কাজও শুরু হবে।প্রায় ৩২ কিলোমিটার দীর্ঘ এই উড়ালসড়ক নির্মাণের লক্ষ্যে গত ১৯ জানুয়ারি সরকারের সঙ্গে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেডের (ইতালি-থাইল্যান্ড যৌথ) চুক্তি করে সরকার। সরকারি-বেসরকারি বিনিয়োগে (পিপিপি) এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।প্রকল্প এলাকা পরিদর্শনের সময় সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, উড়ালসড়ক প্রকল্পের পরিচালক আবদুল ওয়াদুদ ও ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।