রাজধানীতে ঋণ পরিশোধ না করায় জমিসহ ভবন ‘দখলের’ অভিযোগ
রাজধানীর খিলগাঁওয়ের হাওয়াই গলির ৩২২/১ নম্বর হোল্ডিংয়ের একটি ভবন ‘দিনে-দুপুরে দখল’ হয়ে যাওয়ার অভিযোগ করেছেন ভবনমালিক ও তাঁর স্বজনেরা। গতকাল বুধবার ১০টার দিকে ভবন থেকে সবাইকে নামিয়ে দিয়ে পুলিশ তালা মেরে দিয়েছে বলে জানিয়েছেন তাঁরা। পুলিশ তাঁদের জানিয়েছে, জমির বিপরীতে ভবনমালিক ঋণ নিয়েছিলেন। ঋণ পরিশোধ না করায় ভবনটি নিলামে উঠেছে।
ভবনমালিক আবু বকর সিদ্দিকের ছোট ভাই আক্তার হোসেন অভিযোগ করে বলেন, তিন শতক জমির ওপর চারতলা ভবন। আশির দশকের শুরুতে তাঁর ভাই জমিটি কিনেছিলেন। বুধবার তাঁর ভাই বা ভাইয়ের পরিবারের কেউ বাসায় ছিলেন না। তাঁরা ছিলেন বরিশালের গ্রামের বাড়িতে। আচমকা খিলগাঁও থানার পুলিশ এসে ভবন থেকে তাঁদের ভাড়াটেদের নেমে যেতে বলে। পুলিশ এসে ভাড়াটেদের জানায়, এই জমির বিপরীতে তাঁদের ভবনমালিক অগ্রণী ব্যাংক থেকে ২০০৫ সালে ঋণ নিয়েছেন। ঋণ পরিশোধ না করায় ভবনটি নিলামে উঠেছে।
আক্তার হোসেন জানান, এ সময় ওই ভবনের লাগোয়া ভবনের মালিক বেরিয়ে এসে কাগজপত্র দেখতে চান। তিনি দেখতে পান যে ব্যক্তির নামে উচ্ছেদের নোটিশ জারি হয়েছে, তাঁর নাম আবু বকর সিদ্দিক না, সিদ্দিকুর রহমান। দুই ব্যক্তির বাবার নামেও কোনো মিল নেই। সিদ্দিকুর রহমানের বাবার নাম আবদুর রহমান হাওলাদার। তাঁদের (আবু বকর সিদ্দিক, আক্তার হোসেন) বাবার নাম আউয়াল মৃধা। কিন্তু উচ্ছেদ করতে আসা লোকজন কোনো কাগজপত্রই দেখতে চাননি। অভিযানে খিলগাঁও থানার পরিদর্শক (অপারেশনস) নুরুল আমিন উপস্থিত ছিলেন।
আক্তার হোসেন প্রথম আলোকে বলেন, আবু বকর সিদ্দিক খবর শুনে তখনই বিমানে ঢাকায় আসেন। তবে ততক্ষণে তাঁর সব ভাড়াটেরা বেরিয়ে গেছেন। স্বজনেরা জানান, আবু বকর সিদ্দিক প্রায় ৩৫ বছর সৌদি আরবে ছিলেন। যে সময় ঋণ নিয়েছেন বলে বলা হচ্ছে, সে সময় তিনি দেশেই ছিলেন না।
এ বিষয়ে খিলগাঁও থানার পরিদর্শক (অপারেশনস) নুরুল আমিন প্রথম আলোকে বলেন, আদালতের চিঠি নিয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এসেছিলেন। পুলিশ নির্দেশ মোতাবেক সহযোগিতা করেছে শুধু। তিনি বিস্তারিত কিছু জানেন না।
অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামস–উল–ইসলাম প্রথম আলোকে বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবহিত নন। খোঁজ নিয়ে জানাবেন।
আবু বকর সিদ্দিক এ নিয়ে মামলা করার জন্য আজ বৃহস্পতিবার আদালতে গেছেন।