রাজধানীতে এক ব্যক্তি খুন নয়টি অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ থাকার দুই দিন পর গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্লবীর একটি নির্মাণাধীন বাড়ি থেকে মো. আসাদ (৩০) নামের এক ভ্যানচালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া গত দুই দিনে রাজধানীতে পৃথক ঘটনায় নয়জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।খুন: গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে দুইটার দিকে পল্লবীর বাইগারটেকের নামাপাড়া এলাকার একটি নির্মাণাধীন বাড়ি থেকে রক্ত গড়িয়ে পড়তে দেখে স্থানীয় লোকজন পুলিশকে জানায়। পরে পুলিশ এসে ওই বাড়ির একটি কক্ষের দরজা ভেঙে একটি লাশ উদ্ধার করে। খবর পেয়ে স্বজনেরা গিয়ে লাশটি ভ্যানচালক আসাদের বলে শনাক্ত করেন। সড়ক দুর্ঘটনা: গতকাল সকাল সাড়ে ১০টার দিকে রংমিস্ত্রি জহিরুল ইসলাম (২৮) মালিবাগ সুপার মার্কেটের সামনের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অনাবিল পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ভোরে বালুবোঝাই একটি ট্রাক ক্যান্টনমেন্ট রেলস্টেশনের পাশের ফুটপাতে উঠে পড়লে আহত হন তাহাবুল টনিয়া (৫৫), খোদেজা বেগম (৩০) ও লিমা বেগম (৬০) নামের তিন নারী। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাহাবুলকে মৃত ঘোষণা করেন। বুধবার রাতে কাওলা বাসস্ট্যান্ডে যানবাহনের চাপায় অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন।সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যা: গত বুধবার রাতে মোহাম্মদপুরের জাফরাবাদে ১০ মাস বয়সী সন্তানকে বিষাক্ত পদার্থ খাইয়ে তার মা দীপিকা রায়ও (২০) তা পান করেন। দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত সাড়ে ১১টায় দীপিকার মৃত্যু হয়। রহস্যজনক মৃত্যু: স্বামী মহিউদ্দিন ও দুই সন্তান নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের ১৬০/১৬১ নম্বর বাসায় থাকতেন তানজিলা জামান (২৬)। গতকাল বেলা ১১টার দিকে ওই বাসা থেকে অচেতন অবস্থায় তাঁকে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, তানজিলাকে মৃত অবস্থায় আনা হয়েছে। গৃহবধূর মামা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এম এফ ফারুক অভিযোগ করেন, তানজিলাকে গলাটিপে হত্যা করা হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট: গতকাল বেলা ১১টার দিকে তেজতুরীবাজার এলাকার একটি বাড়িতে ওয়েল্ডিং করার সময় ওয়েল্ডিং মিস্ত্রি আবদুর রহিম (২৭) বিদ্যুৎস্পৃষ্ট হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। একই দিন দুপুরে কামরাঙ্গীরচরের কেচোর এলাকায় একটি প্লাস্টিক কারখানায় চলন্ত একটি ফ্যান শ্রমিক শেফালী বেগমের (২৭) শরীরের ওপর পড়ে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গৃহকর্মীর লাশ: গত বুধবার বিকেলে পুলিশ ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর সড়কের ৫৬ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ইফফাত আরা (১৪) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করে। সে পুলিশের সিআইডির অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মতিউর রহমানের বাসার গৃহকর্মী। এ ছাড়া বুধবার রাত সাড়ে ১০টার দিকে বাসাবো রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক তরুণী মারা গেছেন। তাঁর পরনে ছিল সাদা কামিজ ও সালোয়ার।