রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

রাজধানীর উত্তর বাড্ডার হোসেন মার্কেটের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাইসাইকেল আরোহীর নাম মো. আবুল হোসেন (৪৫)। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনে কর্মরত ছিলেন। আবুল হোসেন স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে থাকতেন টঙ্গীর গুদারাঘাট এলাকায়।

আবুল হোসেনের ভাতিজা মো. রাসেল বলেন, সাইকেল চালিয়ে টঙ্গীতে বাসায় ফিরছিলেন তাঁর চাচা। হোসেন মার্কেট এলাকায় একটি কাভার্ড ভ্যান তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটা হাসপাতালে নিয়ে যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ওই কাভার্ড ভ্যানের চালককে আটক করেছে পুলিশ।