রাজধানীতে কাল থেকে নামছে আরও ৫০ ট্রাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে খোলাবাজারে চাল বিক্রির (ওএমএস) কাজে আরও ৫০টি ট্রাক নামছে। এ নিয়ে এই কাজে ট্রাকের সংখ্যা দাঁড়াল ২৫০। এ ছাড়া এখন থেকে মঙ্গলবার বাদে সপ্তাহের সব দিনই এ কার্যক্রম চলবে। কাল শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।গতকাল বুধবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওএমএস কার্যক্রম পর্যালোচনা সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, ইউনিয়ন পর্যায়ে প্রতিজন ডিলার এক টনের পরিবর্তে দেড় টন করে চাল বিক্রি করবে। আতপ চাল বিক্রি হয়—এমন জেলাগুলোর ডিলাররা এই সুযোগ পাবেন। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি ও সিলেট বিভাগের সব জেলা এবং খুলনা ও সাতক্ষীরা এর আওতাভুক্ত। সভায় জানানো হয়, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ফেয়ার প্রাইস কার্ডের মাধ্যমে অতি দরিদ্র ব্যক্তিরা এবং সারা দেশের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা চাল পাচ্ছে। বর্তমানে সরকারের গুদামে মোট নয় লাখ দুই হাজার ৪৮২ টন খাদ্যশস্য মজুত রয়েছে। চট্টগ্রাম বন্দরে আরও দুই লাখ ১৮ হাজার টন খালাস হচ্ছে। গত বছর এ সময় সরকারি গুদামে খাদ্যশস্য মজুদের পরিমাণ ছিল সাত লাখ ৯৫ হাজার টন। টেস্ট রিলিফের আওতায় অতি সত্বর এক লাখ টন গম বরাদ্দ দেওয়ারও সিদ্ধান্ত হয়।সভায় খাদ্যমন্ত্রী ওএমএস কার্যক্রম আরও নিবিড়ভাবে তদারকি করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেন। মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা ওএমএস কার্যক্রম নিয়মিত দেখভাল করায় বেশ কিছু অনিয়ম দূর এবং এ কার্যক্রম গতিশীল হয়েছে। এ জন্য তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান। বৈঠকে খাদ্যসচিব বরুণ দেব মিত্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের সচিব এম আসলাম আলম, খাদ্য বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল আউয়াল হাওলাদার, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমদ হোসেন খানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।