রাজধানীতে কোরবানির পশুর হাটে কাজ করছে ২২ ভেটেরিনারি মেডিকেল দল

ছবি: বিজ্ঞপ্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় রাজধানীতে কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল সেবা প্রদানে কাজ করছে ২২টি ভেটেরিনারি মেডিকেল দল। ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অনুমোদিত পশুর হাটে এ দলগুলো কাজ শুরু করেছে। এ ছাড়া সারা দেশে কোরবানির হাটে ১ হাজার ৭৩৯টি মেডিকেল দল কাজ করছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোগাক্রান্ত ও কোরবানির অনুপযুক্ত গবাদিপশু যাতে হাটে ক্রয়-বিক্রয় না হয়, সে জন্য এ মেডিকেল দল কাজ করছে। এ ছাড়া দেশের কোরবানির পশুর হাটে ১ হাজার ৭৩৯টি ভেটেরিনারি মেডিকেল দল কাজ করছে। একই সঙ্গে একটি বিশেষজ্ঞ ভেটেরিনারি মেডিকেল দলও কাজ করছে।

রাজধানীর কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল দলের কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম তদারকি করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এ জন্য মন্ত্রণালয়ের নয়জন উপসচিব পর্যায়ের কর্মকর্তাকে নির্ধারিত পশুর হাটে দায়িত্ব দিয়েছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি প্রাণিসম্পদ অধিদপ্তরের ১২টি মনিটরিং দলও রাজধানীর কোরবানির পশুর হাট তদারকি করবে।