রাজধানীতে ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু
রাজধানী ঢাকার মহাখালী কাঁচাবাজার এলাকায় শুক্রবার দিবাগত রাতে ছুরিকাঘাতে আরিফ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই কিশোর আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আযম মিয়া প্রথম আলোকে বলেন, হামলাকারী, নিহত ও আহতরা সবাই পথশিশু। ঠিক কী কারণে তাদের মধ্যে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রাত সাড়ে ৯টার দিকে মহাখালী কাঁচাবাজার এলাকায় দাঁড়িয়ে ছিল আরিফসহ তিনজন। এ সময় কয়েক কিশোর সেখানে এসে তিনজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত পৌনে ১১টার দিকে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ বক্সের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, হাসপাতালে আসা কিশোরদের কাছ থেকে হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।