রাজধানীতে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
রাজধানীর বেইলি রোডে ট্রাকের ধাক্কায় নুর আলম (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তুহিন হোসেন (৩৮) নামের আরও একজন। তিনি দুই পায়ে আঘাত পেয়েছেন। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে তাঁকে। আজ সোমবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বেইলি রোড সার্কিট হাউস মসজিদের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল সাতটায় নুর আলমকে মৃত ঘোষণা করেন।
নুর আলমের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলায়। তাঁর বাবার নাম মেহেরাব হোসেন। তেজগাঁও রেলস্টেশন পাশে ডিমের আড়তে কাজ করেন তিনি।
ভ্যানের গ্যারেজমালিক ফিরোজ আহমেদ জানান, ভোরে তাঁরা তেজগাঁও আড়ত থেকে ভ্যানে করে ডিম নিয়ে যাচ্ছিলেন কেরানীগঞ্জের জিনজিরা এলাকায়। পথের বেইলি রোডের ফাঁকা রাস্তায় পেছন দিক থেকে একটি খালি ট্রাক তাঁদের দুটি ভ্যানকেই সজোরে ধাক্কা দেয়। ছিটকে পড়ে গুরুতর আহত হন তাঁরা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) মুহাইমিনুল হাসান বলেন, দুর্ঘটনায় ভ্যানের চালক নিহত ও আরেকজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। তিনি আরও বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে।