রাজধানীতে ডাকাত ও চাঁদাবাজদের গুলিতে দুজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জয়কালী মন্দির এলাকায় ডাকাতদের গুলিতে একজন এবং মধ্য বাড্ডায় চাঁদাবাজদের গুলিতে অপর একজন আহত হয়েছেন। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার এ দুটি ঘটনা ঘটে।ওয়ারী থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার ভোরে পাঁচ ব্যক্তি একটি গাড়িতে জয়কালী মন্দির এলাকার এইচএস সিএনজি ফিলিং স্টেশনে আসে। তারা দরজা ভেঙে বুথে ঢুকে ক্যাশবাক্স থেকে টাকা লুট করার চেষ্টা করলে কর্তব্যরত ক্যাশিয়ার প্রদীপ শেখ (৩৫) বাধা দেন। একপর্যায়ে তাঁর পায়ে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করে ডাকাতেরা ক্যাশ থেকে টাকা লুট করে নিয়ে যায়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক রুহুল আমিন জানান, ৮০ হাজার টাকা লুট হয়েছে।ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক রুহুল আমিন মামলা করেছেন। এতে ৫০ হাজার ৯০০ টাকা লুট হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। লুণ্ঠিত টাকা উদ্ধার কিংবা জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে মধ্য বাড্ডায় আজাদ প্লাজার আসবাবের একটি দোকানের মালিক শাকিল আহমেদের কাছে দাবি করা পাঁচ লাখ টাকা চাঁদা আনতে যায় স্থানীয় কয়েকজন চাঁদাবাজ। তারা শাকিলকে দোকানে না পেয়ে কর্মচারী কবির হোসেনকে (৩২) লক্ষ্য করে গুলি করে। কবিরের পায়ে গুলি লাগে।হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে ওই এলাকার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে ওই দিন বেলা তিনটার পর বিক্ষোভ মিছিল করেন।বাড্ডা থানার ওসি মাহবুবুর রহমান বলেন, দোকানের মালিক এ ব্যাপারে মামলা করেছেন। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।