রাজধানীতে ডায়রিয়া পরিস্থিতির উন্নতি নেই
রাজধানীতে ডায়রিয়া পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র বাংলাদেশে (আইসিডিডিআরবি) গতকাল রোববারও ডায়রিয়া রোগীর চাপ বেশি ছিল। গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৬৮৮ জন ডায়রিয়া রোগী আইসিডিডিআরবিতে ভর্তি হয়। গত শনিবার ২৪ ঘণ্টায় ভর্তি হয় ৯৩৪ জন রোগী। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক গতকাল আইসিডিডিআরবিতে ভর্তি হওয়া রোগীদের দেখতে যান। তিনি রোগীদের সঙ্গে কথা বলেন এবং সেবা কার্যক্রমের ব্যাপারে খোঁজখবর নেন। পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, এ বছর গরমের তীব্রতার জন্য ডায়রিয়ার প্রকোপ একটু আগেই শুরু হয়েছে। ডায়রিয়া পরিস্থিতিতে আমরা আইসিডিডিআরবির ওপর নির্ভর করি। তবে দূর-দূরান্ত থেকে কষ্ট করে এ হাসপাতালে রোগী নিয়ে আসার প্রয়োজন নেই। দীর্ঘপথ আসাতে রোগীর অবস্থার অবনতি হতে পারে। ডায়রিয়ায় আক্রান্ত হলে নিকটস্থ সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে।