রাজধানীতে ডায়রিয়ার প্রকোপ সতর্ক থাকার পরামর্শ
গ্রীষ্ম আসার আগেই রাজধানী ও এর আশপাশের এলাকায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত কয়েক দিনে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) মহাখালী হাসপাতালে ডায়রিয়ার রোগী হঠাৎ বেড়ে গেছে। পাড়া ও মহল্লার ওষুধের দোকানে খাওয়ার স্যালাইনের বিক্রিও বেড়েছে।
গতকাল রোববার সকাল সাড়ে আটটায় আইসিডিডিআরবি হাসপাতালে গিয়ে দেখা যায় সারি সারি বিছানা তৈরি এবং প্রতিটি বিছানার সঙ্গে স্যালাইনের ব্যাগ প্রস্তুত। রোগী আসামাত্রই চিকিৎসা শুরু করে দিচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। সকাল আটটা পর্যন্ত ৪৫ জন রোগী ভর্তি হয়েছিল। সন্ধ্যা ছয়টায় রোগী বেড়ে দাঁড়ায় ২৮১ জনে।
হাসপাতালের দেওয়া তথ্য থেকে জানা গেছে, গত শনিবার এই হাসপাতালে ৪২২ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়। কয়েক দিন ধরে সংখ্যা বাড়ছে। ভর্তি হওয়া রোগীদের অনেকে বাড়িতেই স্যালাইন খায়, পরিস্থিতি খুব খারাপ হলে বা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে হাসপাতালে আসে।
হাসপাতালে দায়িত্বরত জ্যেষ্ঠ মেডিকেল কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত পাঁচ-ছয় দিনে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। প্রতিদিন ৪০০ বা তার বেশি রোগী ভর্তি হচ্ছে। এদের মধ্যে ১০ থেকে ১৫ শতাংশ প্রবল ডায়রিয়া বা কলেরা নিয়ে হাসপাতালে আসছে। রোগীদের মধ্যে শিশু কম। তবে নারী রোগীর সংখ্যা বেশি বলে ওই কর্মকর্তা জানান।
কর্মকর্তারা ধারণা করছেন, গরম বাড়ার সঙ্গে সঙ্গে রোগীর সংখ্যা কিছু বাড়বে। তবে পরিস্থিতি মোকাবিলার জন্য তাঁদের প্রস্তুতি নেওয়া আছে।
এদিকে রাজধানীর কাঁঠালবাগান, হাতিরপুল ও শাহবাগের কয়েকটি দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক দিনে খাওয়ার স্যালাইনের বিক্রি বেড়েছে। গত শুক্রবার সকালে কাঁঠালবাগানের একটি দোকানে ২০ মিনিটের ব্যবধানে তিনজনকে স্যালাইন কিনতে দেখা গেছে।
এই অবস্থায় সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন আইসিডিডিআরবির কর্মকর্তা ও পুষ্টিবিদেরা। বিশিষ্ট পুষ্টিবিদ ও বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের চেয়ারপারসন এস কে রায় বলেন, এই সময়ে পানি খাওয়া ও ব্যবহারের ব্যাপারে সতর্ক হতে হবে। রাস্তার পানি খাওয়া থেকে বিরত থাকতে হবে। রান্নার আগে, খাওয়ার আগে ও খাওয়ার পর ভালোভাবে হাত ধুতে হবে। খাবার ফ্রিজে বা ঠান্ডা জায়গায় রাখতে হবে। বাসি খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।
পরিবারে খাওয়ার স্যালাইন মজুত রাখার কথা বলেছেন এস কে রায় ও রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম বলেছেন, পায়খানা বন্ধ না হলে বিলম্ব না করে চিকিৎসকের কাছে যেতে হবে। এস কে রায় বলেন, স্যালাইন না থাকলে এক চিমটি লবণ, এক মুঠ চিনি আধা লিটার বিশুদ্ধ পানিতে গুলে খেতে হবে।