রাজধানীতে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীতে ডায়রিয়া রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। চলতি সপ্তাহে প্রতিদিন গড়ে ৮০০ ডায়রিয়া রোগী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআরবি) ভর্তি হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছিল ৭০৯ জন। গত বুধবার ২৪ ঘণ্টায় ৮৯৮ জন রোগী ওই হাসপাতালে ভর্তি হয়। গত বছর ওই দিন ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছিল ৫২৬। এ ব্যাপারে আইসিডিডিআরবির বিজ্ঞানী মো. শাহাদাত হোসেইন প্রথম আলোকে বলেন, প্রচণ্ড গরমে মানুষ বিশুদ্ধ পানি প্রয়োজনমতো পাচ্ছে না। বিদ্যুৎ-সংকটের কারণেও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। পানি ও বিদ্যুৎ-সংকটের কারণে বহু মানুষ পানি ফুটিয়ে পান করতে পারছে না। বৃষ্টি না আসা পর্যন্ত রোগীর সংখ্যা বাড়ার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, প্রতিবছর এপ্রিল মাসে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়লেও গত তিন বছরে দেখা গেছে, ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই রোগীর সংখ্যা বাড়ছে।