রাজধানীর মিরপুর থেকে গতকাল বুধবার ভোরে অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পেটে ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।অন্য ঘটনায় সকালে বনানী রেল ক্রসিং থেকে জহিরুল ইসলাম (১৬) নামের এক কিশোরের লাশ গতকাল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া গত মঙ্গলবার রাতে সায়েদাবাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমির হোসেন রাসেল (৩০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।শাহআলী থানা পুলিশ জানায়, গতকাল সকাল ছয়টার দিকে মিরপুর ১ নম্বরের ২ নম্ব্বর লেনের ডি-ব্লকের পার্কের দক্ষিণ পাশ থেকে অজ্ঞাতনামা তরুণীর লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা হয়েছে। শাহআলী থানার উপপরিদর্শক জাহিদুর রহমান জানান, ওই তরুণীর বুক ও তলপেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর পরনে ছিল কালো বোরকা, সাদা কামিজ ও কালো পায়জামা। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতে তাঁকে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।গতকাল সকালে বনানী রেলক্রসিং থেকে আহত অবস্থায় পথচারীরা জহিরুল নামের এক কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। জহির ট্রেন থেকে পড়ে আহত হয় বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর সায়েদাবাদের ওয়াসা কলোনিতে গত মঙ্গলবার রাতে পপকর্ন তৈরির মেশিন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ব্যবসায়ী আমির হোসেন। রাত সোয়া একটার দিকে মৃত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে।