রাজধানীতে তিনজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গত দুই দিনে কিশোরীসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁরা হলেন কিশোরী আল্পনা আক্তার (১৫), নির্মাণশ্রমিক সাইদুল ইসলাম (২৪) ও অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ সূত্র জানায়, গতকাল শনিবার দুপুর দুইটার দিকে দারুসসালাম থানার কাছে একটি ফাঁকা মাঠের কাদাপানি থেকে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করেছে। তার নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। তার পরনে রয়েছে চেক লুঙ্গি। পরে দারুসসালাম থানার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এর আগে শুক্রবার রাতে পুলিশ মালিবাগ চৌধুরীপাড়ার একটি বাসা থেকে কিশোরী আল্পনা আক্তারের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। আল্পনার খালা আকলিমা আক্তার জানান, শনিবার বেলা ১১টার দিকে তিনি আল্পনাকে একা বাসায় রেখে বাইরে যান। ঘণ্টাখানেক পরে ফিরে বাসার খাটের ওপর তাকে মৃত অবস্থায় দেখতে পান। তিনি জানান, আল্পনা চার দিন আগে ঝিনাইদহের পরমন্দপুর গ্রাম থেকে বেড়াতে এসেছিল।গত শুক্রবার দুপুরে উত্তরার ২ নম্বর সেক্টরের ৩২ নম্বর সড়কের পাশে একটি নির্মাণাধীন ভবনের ওপর থেকে ইট পড়ে নির্মাণশ্রমিক সাইদুল ইসলামের মাথায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়ার পর তিনি মারা যান। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। সাইদুল টঙ্গীর আরিচপুরে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরের মাহাদীপুরে। তাঁর বাবার নাম আবু বকর।