রাজধানীতে তিনজনের অপমৃত্যু
রাজধানীতে গত শনিবার পৃথক ঘটনায় তিনজন মারা যান। পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঢাকা রেলওয়ে থানার এএসআই তৌহিদুর রহমান বলেন, শনিবার বেলা আড়াইটার দিকে খিলগাঁওয়ের আউটার সিগন্যাল থেকে প্রায় ৩০০ গজ পশ্চিমে রেললাইনের ওপর থেকে রুমা আক্তার (২০) নামের এক তরুণীর ট্রেনে কাটা লাশ উদ্ধার করা হয়। রুমা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। গতকাল কর্মস্থলে যাওয়ার সময় মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন তিনি। এ সময় ট্রেনে কাটা পড়েন তিনি। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।ঢাকা রেলওয়ে থানার অধীন নারায়ণগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এএসআই আবদুল হালিম বলেন, একই দিন রাত ১১টার দিকে গেন্ডারিয়ার রেললাইনের ওপর থেকে অজ্ঞাতপরিচয় যুবকের (২৫) আরেকটি ট্রেনে কাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় বিমানবন্দর সড়ক পারাপারের সময় মারা যান ৬০ বছরের অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা।