রাজধানীতে তিনজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে গুলিস্তানের ফুটপাতের হকার আফসার আলীর (১৮) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া খিলক্ষেতের জোয়ার সাহারায় গাড়িচাপায় অজ্ঞাত এক নারী এবং দারুসসালামে নির্মাণাধীন বাড়ি থেকে পড়ে নির্মাণশ্রমিক রবিউল ইসলাম (২২) মারা যান। পল্টন থানা সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পুলিশ বঙ্গবন্ধু এভিনিউর ইম্পেরিয়াল হোটেলের পেছনের একটি নির্মাণাধীন ভবনের নিচতলার কক্ষ থেকে আফসারের লাশ উদ্ধার করা হয়। লাশটি সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলছিল। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। আফসারের মৃত্যুর খবরে গুলিস্তানের ফুটপাতের হকারেরা মর্গে ভিড় করেন। সেখানে ৫৬ নম্বর ওয়ার্ডের যুবলীগের নেতা শামীম আহমেদ জানান, আফসার ওয়ার্ড যুবলীগের কর্মী ছিলেন। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, আফসার নির্মাণাধীন ওই ভবনের নিচতলায় শাটার লাগানো একটি কক্ষে থাকতেন। গতকাল সকালে তিনি গুলিস্তানে না যাওয়ায় কয়েকজন হকার তাঁকে খুঁজতে ওই ভবনে গিয়ে তাঁর কক্ষের শাটার ভেতর থেকে লাগানো দেখেন। ডাকাডাকি করে আফসারের সাড়া না পেয়ে তাঁরা বিষয়টি পল্টন থানায় জানান। পরে পুলিশ গিয়ে শাটার ভেঙে ভেতরে ঢুকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে। আফসারের গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়ায়। তাঁর বাবা মৃত ফিরোজ মিয়া। গত বুধবার মধ্যরাতে জোয়ার সাহারায় পুলিশ ফাঁড়ির সামনে অজ্ঞাত এক নারী রাস্তা পার হওয়ার সময় গাড়ির চাপায় ঘটনাস্থলেই মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। বুধবার রাতে মিরপুরের দারুসসালাম রোডে নির্মাণাধীন একটি ভবনের নিচতলা থেকে আটতলায় রড ওঠানোর সময় নির্মাণশ্রমিক রবিউল পা ফসকে নিচে পড়ে যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর তিনি মারা যান।