রাজধানীতে তিনটি অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক তিনটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তিরা হলেন কারখানার শ্রমিক মামুন (২০), গৃহবধূ মহসিনা খাতুন (৩০) ও চা বিক্রেতা রফিকুল ইসলাম (৫০)। পুলিশ সূত্র জানায়, বুধবার রাত পৌনে একটার দিকে নিমতলীর ৫১/১ নবাব কাটরার জুতার কারখানা থেকে অচেতন অবস্থায় ওই কারখানার শ্রমিক মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।বংশাল থানার উপপরিদর্শক গোলাম রব্বানী জানান, তদন্তে জানা গেছে, মামুন কারখানায় সিলিং ফ্যানের সুইচ দিতে গিয়ে ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুত্স্পৃষ্ট হন। এ সময় পড়ে গিয়ে তিনি আহত হন। মামুনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচরের কলাকোপায়। তাঁর বাবার নাম লাল মিয়া। তবে মামুনের ভাই আরমান হোসেনের অভিযোগ, মামুনের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কারখানা কর্তৃপক্ষ মামুনকে হত্যা করেছে। বুধবার রাত ১১টার দিকে মোহাম্মদপুরের মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটির নিজ বাসার শোয়ার ঘরের সিটকিনি লাগিয়ে গৃহবধূ মহসিনা সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বাসার লোকজন টের পেয়ে দরজা ভেঙে মহসিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে কলহের জের ধরে মহসিনা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। তাঁর গ্রামের বাড়ি বাগেরহাটের কুচয়ার সোনাকান্দিরে। গতকাল বৃহস্পতিবার সকালে নিউমার্কেটসংলগ্ন বনলতা মার্কেটের দ্বিতীয় তলায় ঘুমিয়ে ছিলেন চা বিক্রেতা রফিকুল ইসলাম (৫০)। এ সময় ওপর থেকে পলেস্তারার খসে পড়লে তিনি আহত হন। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। রফিকুল চা বিক্রি শেষে রাতে বনলতা মার্কেটের দ্বিতীয় তলায় ঘুমাতেন।ঢাকা মেডিকেল কলেজ মর্গে তিনটি মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় তিনটি অপমৃত্যুর মামলা হয়েছে।