রাজধানীতে তিনটি অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে গতকাল রোববার তিনটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে আফসানা আক্তার (২১) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ আরেক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় অপর একজনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুরে দক্ষিণখান এলাকার একটি মাদ্রাসাসংলগ্ন বাসার বাসিন্দা মো. সুমনের স্ত্রী আফসানাকে অচেতন অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আফসানার চাচা জাহাঙ্গীর আলম বলেন, দেড় বছর আগে প্রেম করে সুমনের সঙ্গে আফসানার বিয়ে হয়। কিছুদিন না যেতেই তাঁদের বনিবনা হচ্ছিল না। তিনি অভিযোগ করেন, গতকাল ঝগড়াঝাটির জের ধরে আফসানাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখেন সুমন। দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শংকর নারায়ণ পাল বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।গতকাল সকালে পুলিশ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। তার পরনে ছিল ফুল প্যান্ট এবং স্যান্ডো গেঞ্জি। পুলিশের ধারণা, ওই যুবককে হত্যা করে লাশ ফেলে গেছে ঘাতকেরা। এ ব্যাপারে দারুসসালাম থানায় হত্যা মামলা হয়েছে। এদিকে গত শনিবার রাত ১০টার দিকে গুলিস্তানে গোলাপ শাহ মাজারের সামনে চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় আবুল কাশেম (৫০) নামে এক দর্জি মারা গেছেন। পুরান ঢাকার কাপ্তানবাজারের তাঁর কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত আড়াইটার দিকে তিনি মারা যান। তিনি সপরিবারে কামরাঙ্গীরচরের খলিফাঘাটে থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে দক্ষিণখান, দারুসসালাম ও শাহবাগ থানায় তিনটি অপমৃত্যুর মামলা হয়েছে।