রাজধানীতে তিনটি অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তরুণীসহ তিনজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে গতকাল সোমবার সকালে দক্ষিণখানের কাওলা এলাকা থেকে সাজেদুর রহমান (৪৭), রোববার গভীর রাতে মাদারটেক থেকে শুক্লা রানী ওরফে রিপা (১৮) ও মোহাম্মদপুর থেকে মোরসালিন (১৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।সবুজবাগ থানার পুলিশ জানায়, দক্ষিণ গোড়ানের সরকারপাড়ায় একটি টিনশেড ঘর থেকে রোববার রাত নয়টার দিকে শুক্লা রানীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বাড়িতেই পরিবারের সদস্যদের সঙ্গে ভাড়া থাকতেন শুক্লা। রোববার রাত নয়টার দিকে ওই ঘরের একটি কক্ষের খুঁটির (আড়া) সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি।নিহত শুক্লা রানীর বাবা বলরাম জানান, তাঁর মেয়ে মালিবাগ চৌধুরীপাড়ায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। সেখান থেকে দুপুরে বাসায় এসে খাওয়ার পর ওই ঘরের দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়েন। রাতেও দরজা না খোলায় তাঁদের সন্দেহ হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।মোহাম্মদপুর থানার পুলিশ জানায়, রোববার রাতে ঢাকা উদ্যানের পাশে একটি প্লটের ছাপড়া ঘরের বাঁশের খুঁটির (আড়া) সঙ্গে গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় মোরসালিনের লাশ উদ্ধার করা হয়। তিনি ঢাকা উদ্যানের পাশে একটি ইট-পাথর বিক্রির প্রতিষ্ঠানে কাজ করতেন। নিহত মোরসালিনের ভাই ইয়াসিনের অভিযোগ, তাঁর ভাই ঢাকা উদ্যানের চার নম্বর গলির কামরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। তাঁকে কেউ মেরে ওই ঘরে ঝুলিয়ে রেখেছেন বলে তাঁদের সন্দেহ।দক্ষিণখান থানার পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে কাওলার পশ্চিমপাড়ার ৪৭ নম্বর বাসায় খুঁটির সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন সাজেদুর রহমান। গতকাল সকালে পুলিশ ওই বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।