রাজধানীতে দিনভর যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী গতকাল বুধবার ছিল প্রায় অবরুদ্ধ। সকাল থেকে রাত পর্যন্ত নগরের প্রায় সব পথের যাত্রীরাই দুর্ভোগের শিকার হয়েছেন। এদিন প্রচণ্ড গরমের মধ্যে যানজটে আটকাপড়া সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠে। ট্রাফিক পুলিশ, চালক ও যাত্রীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, গতকালের অস্বাভাবিক যানজটের মূলে ছিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির অবস্থান কর্মসূচি। অবস্থানস্থলের পাশের রাস্তায় নেতা-কর্মীরা অবস্থান নেওয়ায় শাহবাগ-মৎস্য ভবনের সড়ক বন্ধ হয়ে যায়। পরে অবশ্য রাস্তার এক পাশ খুলে দেওয়া হয় এবং কিছু যান চলাচল করে। এ সময় মিরপুর ও মোহাম্মদপুর থেকে গুলিস্তান-মতিঝিলগামী অনেক গাড়ি শাহবাগ থেকে ফিরে যায়। বাধ্য হয়ে যাঁরা এ পথে আসেন, তাঁদের ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে থাকতে হয়েছে। কিছু যানবাহন বিকল্প পথে শেরাটন হোটেলের সামনে দিয়ে যাতায়াত করে। ফার্মগেট এলাকায় কথা হয় একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে কর্মরত আবদুল হান্নানের সঙ্গে। তিনি জানান, বেলা ১১টায় শনির আখড়া থেকে বাসে উঠে তিনি ফার্মগেটে এসে পৌঁছান বেলা আড়াইটায়। এই যানজটের মধ্যে কীভাবে ফিরে যাবেন—এ নিয়ে তিনি মহা চিন্তায় পড়েছেন। কর্মসূচি চলার সময় মৎস্য ভবন থেকে হাইকোর্ট-প্রেসক্লাব-গুলিস্তান পর্যন্ত দীর্ঘ যানজট দেখা গেছে। কিছুক্ষণ পরপর জট ছাড়লেও হাঁটার গতিতে চলেছে যানবাহন। দুপুরের দিকে কাকরাইল, শান্তিনগর, নয়াপল্টন, মৌচাক, মালিবাগ, মগবাজার, সায়েন্স ল্যাবরেটরি, কারওয়ান বাজার, ফার্মগেট ও মিরপুর রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। সন্ধ্যার পরও এসব এলাকায় যানবাহনের লম্বা লাইন দেখা গেছে। বিকেলে প্রেসক্লাবের সামনে এক ট্রাফিক পুলিশ বলেন, ঢাকায় কোনো একটা রাস্তা দিয়ে ভিভিআইপি পারাপার করতে গেলেই যানজটের সৃষ্টি হয়। কয়েক ঘণ্টা রাস্তা বন্ধ থাকলে তো পুরো ঢাকা অচল হয়ে যায়। বেলা ১১টার দিকে মৌচাক থেকে মগবাজার পর্যন্ত সব যানবাহন প্রায় আধঘণ্টা ঠায় দাঁড়িয়ে ছিল। এ সময় অনেক বাস ও সিএনজিচালিত অটোরিকশার যাত্রী হেঁটে গন্তব্যের দিকে রওনা দেন। এ সময় মগবাজার, মালিবাগ, শান্তিনগর, সিদ্ধেশ্বরী এলাকার গলিপথেও যানজটের সৃষ্টি হয়।