রাজধানীতে দিনে এক কোটি পলিথিন ব্যবহৃত হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শহরে একটি পরিবার দিনে গড়ে চারটি পলিথিন ব্যাগ ব্যবহার করে। যা একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয়। এভাবে রাজধানীতে দিনে এক কোটির বেশি নিষিদ্ধ পলিথিন ব্যবহৃত হচ্ছে। এতে জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর ব্যাপক ক্ষতিকর প্রভাব পড়ছে।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে ‘পলিথিন নিয়ন্ত্রণ ও পাটজাত দ্রব্য সহজলভ্য করার’ দাবিতে এক মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট, আইনের পাঠশালা, ইয়ুথ সান, ঢাকা যুব ফাউন্ডেশন ও পুরান ঢাকা নাগরিক উদ্যোগ যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।
বক্তারা বলেন, রাজধানীসহ সারা দেশে প্রায় এক হাজার পলিথিন তৈরির কারখানা রয়েছে। পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে মানববন্ধনে আইনের পাঠশালার সভাপতি সুব্রত দাস, পবার সমন্বয়কারী আতিক মোরশেদ, ডব্লিউবিবি ট্রাস্টের কর্মসূচি-বিষয়ক কর্মকর্তা আতিকুর রহমান, ইয়ুথ সানের সভাপতি মাকিবুল হাসান, মডার্ন ক্লাবের সভাপতি আবুল হাসনাত, ঢাকা যুব ফাউন্ডেশনের সভাপতি শহীদ মাহমুদ শহীদুল্লাহ, পুরান ঢাকা নাগরিক উদ্যোগের সভাপতি মো. নাজিম উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।