রাজধানীতে দুই গৃহবধূর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবী ও তুরাগ এলাকা থেকে মিনা আক্তার ওরফে কলি (১৯) ও জেসমিন আক্তার (২৫) নামের দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মিনা ও জেসমিনের পরিবার ও পুলিশের ধারণা, তাঁদের হত্যা করা হয়েছে। পুলিশ নিহত মিনার স্বামী মো. হানিফকে আটক করেছে। তবে জেসমিনের স্বামী শহীদুল ইসলাম পলাতক রয়েছেন।পল্লবী থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্বামী হানিফের সঙ্গে পল্লবীর আলবদি এলাকার একটি বাসায় থাকতেন মিনা। গতকাল সকাল আটটার দিকে ওই বাসার ছাদের লোহার রডের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।মিনার মামা আনসার মোল্লা বলেন, মিরপুর ১২ নম্বর এলাকায় একটি বাস কাউন্টারের টিকিট বিক্রেতা হানিফের সঙ্গে এক বছর আগে পারিবারিকভাবে মিনার বিয়ে হয়। বিয়ের পর থেকে হানিফ মিনার পরিবারের কাছে দেড় লাখ টাকা যৌতুক দাবি করে আসছেন। এ নিয়ে হানিফ প্রায় সময় মিনাকে মারধর করতেন। আনসার মোল্লার অভিযোগ, যৌতুকের জন্যই মিনাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছেন হানিফ। পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। অন্যদিকে তুরাগের রানাবোলা এলাকার একটি বাসার দরজা ভেঙে গতকাল জেসমিন আক্তারের লাশ উদ্ধার করা হয়।ঢাকা মহানগর পুলিশের উত্তরা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ-আল-মামুন প্রথম আলোকে বলেন, লাশটি বিছানার ওপর পড়ে ছিল। তাঁর গলায় কালচে দাগ রয়েছে। জেসমিনের স্বামীর নাম শহীদুল ইসলাম। তাঁদের চার বছরের এক সন্তান রয়েছে। এ ব্যাপারে গতকাল দুপুরে শহীদুলের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন নিহত জেসমিনের বাবা আবদুর রশিদ। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জেসমিনের বড় ভাই জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, আট বছর আগে পারিবারিকভাবে শহীদুলের সঙ্গে জেসমিনের বিয়ে হয়। শহীদুল তেমন কিছুই করতেন না।