রাজধানীতে দুই গৃহবধূসহ চারজনের অপমৃত্যু
রাজধানীতে গত শুক্রবার পৃথক ঘটনায় দুই গৃহবধূসহ চারজনের অপমৃত্যু ঘটেছে।দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর কবীর জানান, শুক্রবার রাত নয়টার দিকে বিদুরপাড়া এলাকার একটি টিনের চালার ঘর থেকে শরীফা আক্তার (১৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। লাশটি ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল।এসআই আলমগীর কবীর জানান, শরীফা ওই বাসায় স্বামী বিল্লাল হোসেনের সঙ্গে থাকতেন। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য বিল্লাল হোসেনকে থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। শরীফার গ্রামের বাড়ি গাজীপুরের টঙ্গী এলাকায় বলে জানা গেছে।এদিকে আদাবর এলাকায় বিষপানে লিমা আক্তার (২৬) নামের অপর এক গৃহবধূর মৃত্যু হয়েছে।আদাবর থানার এসআই আখতার হোসেন জানান, লিমা স্বামী আবুল হোসেনের সঙ্গে আদাবরের চোরানিবাড়ী এলাকার একটি বাসায় থাকতেন। শুক্রবার বিকেল চারটার দিকে লিমা বাসার একটি কক্ষে ঢুকে বিষপান করেন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এসআই জানান, গতকাল শনিবার সকালে খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। সেখানে স্বামীসহ বিভিন্নজনকে জিজ্ঞাসাবাদ করেও বিষপানের প্রকৃত কারণ জানা যায়নি।পল্লবী থানার এসআই আনসার আলী জানান, গত শুক্রবার বিকেল চারটার দিকে সিরামিক এলাকাসংলগ্ন জঙ্গল থেকে আখতার হোসেন (১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে, বাঁ পায়ের হাঁটুর নিচে সাপের কামড়ের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, সাপের কামড়ে আখতার মারা গেছে। এসআই জানান, আখতার হোসেন ১২ নম্বর সেকশনের সি ব্লক-সংলগ্ন এক বস্তিতে থাকত। পথে এটা-ওটা কুড়িয়ে জীবনধারণ করত।এসআই আনসার আলী জানান, ওই জঙ্গলে বিষধর সাপ রয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছে। তা ছাড়া সিরামিক কারখানার বিভিন্ন কাঁচামাল ওখানে ফেলা হয়। ধারণা করা হচ্ছে, বিক্রি করা যায় এমন কিছু কুড়াতেই আখতার ওই জঙ্গলে গিয়েছিল। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।রমনা থানার এসআই নাজমুল ইসলাম জানান, গত শুক্রবার রাত একটার দিকে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সুরাইয়া (৩০) নামের এক নারী মারা গেছেন। নিহত সুরাইয়ার কোনো ঠিকানা পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।