রাজধানীতে দুই দিনে পাঁচটি অপমৃত্যু
রাজধানীর বিভিন্ন স্থানে গত দুই দিনে পৃথক ঘটনায় পাঁচটি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে সবুজবাগ ও তেজগাঁওয়ে শিশুসহ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। কাকলীতে হোটেল থেকে লাফিয়ে পড়ে মৃত্যু হয়েছে একজনের। আর ক্যান্টনমেন্ট ও উত্তরায় গাড়ির ধাক্কায় নিহত হয়েছে দুজন। গতকাল শনিবার রাজধানীর সবুজবাগ এলাকার একটি বাসা থেকে রাকিব হোসেন (১১) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, বৌদ্ধমন্দির এলাকার কমিশনারের কার্যালয়ের পাশের একটি টিনশেড বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। এসআই জানান, রাকিবের বাবা আমির হোসেন পেশায় ফল ব্যবসায়ী। সকালে তিনি ফল কিনতে বাসার বাইরে যান। তার মা ছিলেন পাশের বাড়িতে। বাসায় রাকিব ও তার দুই ভাইবোন ছিল। দুপুর ১২টার দিকে রাকিব একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকি করার পরও দরজা না খোলায় পরিবারের লোকজন দরজার ফাঁক দিয়ে দেখতে পায় রাকিব ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছে।এসআই মিজানুর জানান, রাকিবের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, খেলা করতে গিয়ে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। তেজগাঁও এলাকা থেকে গতকাল শনিবার সকালে এক অজ্ঞাত (৩৮) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সকাল নয়টার দিকে পূবালী ব্যাংকের সামনের সড়ক থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে। গুলশানের একটি হোটেলে গত শুক্রবার রাতে পুলিশি অভিযান চলাকালে হোটেলের ওপর থেকে লাফিয়ে পড়ে মাসুদ আলম ভূঁইয়া (৩০) নামের এক ব্যক্তি মারা যান। পুলিশ ওই হোটেল থেকে ২১ জনকে আটক করেছে। গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, ‘এখানে অসামাজিক কার্যকলাপ চলছে এবং কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে’— এমন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত পৌনে ১২টার দিকে পুলিশ কাকলী ওভারব্রিজ-সংলগ্ন ওই আবাসিক হোটেলে অভিযান চালায়। এ সময় মাসুদ হোটেলের চতুর্থতলার কাচের জানালা খুলে নিচে লাফ দিলে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত দেড়টার দিকে তিনি মারা যান। গুলশান থানার এসআই আল মামুন জানান, অবৈধ ব্যবসার অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে ওই হোটেলের মালিকসহ সাতজনের বিরুদ্ধে একটি মামলা করেছে। সড়ক দুর্ঘটনা: ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) আবদুল লতিফ জানান, রাজধানীর ক্যান্টনমেন্ট রেলস্টেশন এলাকায় গত শুক্রবার রাতে গাড়ির ধাক্কায় সেগুন মিয়া (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায়। বাবার নাম মৃত আবদুল মতি।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত শুক্রবার রাত তিনটার দিকে উত্তরা হাউস বিল্ডিং এলাকায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় আমির খান (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান জানান, আমির পথশিশু ছিল। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।