রাজধানীতে দুজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক ঘটনায় গতকাল বুধবার রাজধানীতে দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রাজধানীর আদাবর থেকে গতকাল দুপুরে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আবার গতকাল দুপুরে উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক রংমিস্ত্রীর মৃত্যু হয়েছে।আদাবর থানার পুলিশ জানিয়েছে, গতকাল দুপুরে বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি বাসা থেকে তানিয়া (১৬) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়। পুলিশ গৃহকর্তা কবীর আহমেদকে আটক করেছে।পুলিশ জানায়, ওই বাসা থেকে থানায় জানানো হয়, সকালে তাঁরা কাজে বাইরে গেলে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দেয় তানিয়া। ১১টার দিকে বাসার একজন সদস্য ফিরলে তানিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তাঁরা তার দেহ মেঝেতে নামান। পুলিশ মেঝে থেকে লাশ উদ্ধার করেছে। ২২ দিন ধরে তানিয়া ওই বাসায় ছিল।সন্ধ্যায় আদাবর থানা থেকে জানানো হয়, তানিয়ার বাবা এখনো থানায় এসে পৌঁছাননি। তিনি এলে মামলা করবেন।এদিকে গতকাল দুপুরে উত্তরার ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কের ৭০ নম্বর নির্মাণাধীন বাসার দোতলা থেকে পড়ে মোহাম্মদ রবিউলের (২৫) মৃত্যু হয়েছে। তিনি ওই বাসার রঙের কাজ করছিলেন। পুলিশ বেলা আড়াইটার দিকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।এদিকে রাজধানীর সবুজবাগ থানাধীন মান্ডায় গতকাল বিকেলে বেতন নিয়ে বাসায় ফেরার পথে পোশাকশ্রমিক ডানো মিয়াকে (২২) ছুরিকাঘাত করে সব ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।