রাজধানীতে দুটি অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে গতকাল শনিবার পৃথক দুটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বাড়ির ছাদ থেকে পড়ে ব্যবসায়ী ওয়াজিফ আলী (৫০) এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাইসাইকেলের যন্ত্রাংশ ব্যবসায়ী ইয়াকুব আলীর (৩৫) মৃত্যু হয়। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ইয়াকুব আলী সপরিবারে যাত্রাবাড়ীর ১১৭/৫ বিদ্যুৎ গলিতে থাকতেন। গতকাল ভোর পাঁচটার দিকে তিনি বাথরুমে যান। এ সময় বাল্বের হোল্ডারে হাত লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সংজ্ঞাহীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর দুই স্ত্রী ও পাঁচ সন্তান রয়েছে। অন্য ঘটনায় গতকাল সকাল সাড়ে সাতটার দিকে দক্ষিণখান থানার মধ্য আজমপুরের শাহ কবির মাজার রোডের একটি বাড়ির নয়তলা থেকে ওয়াজিফ আলী পড়ে আহত হন। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। প্রতিবেশীরা জানান, ওয়াজিফ আলী সপরিবারে ৯১ কবির মাজার রোডের একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি কিডনি রোগে ভুগছিলেন। ঢাকা মেডিকেল কলেজ মর্গে লাশ দুটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।