রাজধানীতে দুর্ঘটনায় দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরা ও বংশালে পৃথক ঘটনায় দুজন মারা গেছেন। তাঁরা হলেন মুদি দোকানি কবীর হোসেন সরদার (৩৫) ও শাহাদত হোসেন (৩৫)।
উত্তরা পূর্ব থানার পুলিশ জানিয়েছে, কবীর হোসেন পরিবার নিয়ে উত্তরা ১২ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কের এক বাসায় থাকতেন। গতকাল দুপুর ১২টার দিকে উত্তরা হাউস বিল্ডিং এলাকায় যাত্রীবাহী একটি বাস তাঁকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তাঁর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। উত্তরা পূর্ব থানার এসআই জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে গতকাল রোববার বিকেলে বংশাল এলাকার নর্থ সাউথ রোডের একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে শাহাদত হোসেনের মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শাহাদতের স্ত্রী পপি আক্তার বলেন, শাহাদত ওমানে কাজ করতেন। কয়েক মাস আগে ওমান থেকে বাংলাদেশে আসেন। দেশে এসে অসুস্থ হয়ে পড়লে গত শুক্রবার তিনি চিকিৎসার জন্য বংশালে তাঁর ভগ্নিপতি রিয়াজ উদ্দিনের বাসায় আসেন। বিকেলে ওই বাসার ছাদে উঠলে হঠাৎ পা ফসকে তিনি পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বংশাল থানার উপপরিদর্শক (এসআই) রুহুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।