রাজধানীতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
সবুজবাগ এলাকা থেকে গতকাল মঙ্গলবার আসমা আক্তার (২৫) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আসমা সবুজবাগ এলাকায় মায়ের সঙ্গে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি পাবনার সাঁথিয়ায়।
সবুজবাগ থানার উপপরিদর্শক ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, সবুজবাগে ওয়াহাব কলোনির পাশে একটি গাছে গলায় ফাঁস লাগা অবস্থায় আসমা আক্তারকে উদ্ধার করা হয়। আসমাকে প্রায়ই উদ্দেশ্যবিহীনভাবে সবুজবাগের রাস্তায় ঘোরাঘুরি করতে দেখা যেত। ঘটনাটি হত্যা না আত্মহত্যা, তা নিশ্চিত হতে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে আসমার লাশ নিতে এসেছিলেন তাঁর মা মনোয়ারা বেগম। তিনি সাংবাদিকদের বলেন, ‘আসমার মাথায় একটু ডিস্টার্ব ছিল। ও আত্মহত্যা করছে, না কেউ মাইরা ফেলছে বুঝতেছি না।’
স্বামী পরিত্যক্তা আসমার নয় বছরের একটি কন্যাসন্তান রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।