রাজধানীতে নারীসহ দুজন খুন
রাজধানীতে পৃথক দুটি হত্যাকাণ্ড ঘটেছে। গত শনিবার রাতে তুরাগে তুচ্ছ ঘটনার জের ধরে সহকর্মীর ছুরিকাঘাতে পোশাকশ্রমিক শামীম আহমেদ (২৫) খুন হন। গতকাল রোববার পুলিশ যাত্রাবাড়ীর একটি সেলুনের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে। তাঁকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।পারিবারিক সূত্র জানায়, শামীম আহমেদ তুরাগ থানার বরঙ্গারটেকের এ ব্লকের ১ নম্বর সড়কের ১ নম্বরের একটি মেসে থাকতেন। গত শনিবার রাতে কারখানা থেকে ফেরার পথে মেসের অদূরে রুমমেট রফিকুল ইসলাম ও তাঁর সহযোগী রাকিবুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে তুরাগ থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে শামীমের লাশ তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছার শসানল জোড়ায় নেওয়া হয়। শামীমের মামা নজরুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালেহ মো. আনছারউদ্দিন প্রথম আলোকে জানান, এ ঘটনায় রফিকুল ও রাকিবুলকে আসামি করে হত্যা মামলা হয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ীর ১০১ শহীদ ফারুক সড়কের সিঙ্গাপুর সেলুনের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর বয়স আনুমানিক ২৭ থেকে ৩০ বছরের মধ্যে। তাঁর পরনে ছিল লাল সালোয়ার।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সেলুনের ভেতরে সুশীল ও মিলন নামের দুই কর্মচারী রাতে ঘুমাতেন। তাঁদের কাউকেই পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, শনিবার রাতে তাঁরাই ওই নারীকে এনে ধর্ষণ করেন। পরে জানাজানি হওয়ার ভয়ে তাঁকে খুন করেন। ওসি জানান, গতকাল সকালে আকরাম নামের অপর এক কর্মচারী কাজে গিয়ে দেখেন সেলুনের শাটার সামান্য খোলা। ভেতরে উঁকি দিয়ে লাশ দেখতে পেয়ে তিনি মালিক লিটন সাহাকে খবর দেন। পরে পুলিশকে জানানো হয়। তবে এখন আকরাম ও মালিক লিটন কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না।পুলিশ জানায়, নিহত নারীর গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাঁর ঠোঁটে ও নাকে জখম রয়েছে। ধর্ষণের আলামতও পাওয়া গেছে।