রাজধানীতে নিরাপদ ফুটপাতের দাবিতে মানববন্ধন

মোহাম্মদপুর টাউন হলের সামনে নিরাপদ ফুটপাতের দাবিতে মানববন্ধন করে বিভিন্ন সামাজিক সংগঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নিরাপদ ফুটপাতের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে আসাদগেট পর্যন্ত প্রধান সড়কের দুই পাশে নিরাপদ ফুটপাতের দাবিতে এ মানববন্ধন করা হয়।

আজ মঙ্গলবার মোহাম্মদপুর টাউন হলের সামনে সামাজিক ও পরিবেশ সংরক্ষণ-সচেতনতা নিয়ে কাজ করা প্রায় ১৯টি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রত্যাশা মাদকবিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ।

হেলাল আহমেদ বলেন, শুধু মোহাম্মদপুর নয়, ঢাকার প্রতিটি এলাকায় পথচারীরা অনিরাপদ। কিছু এলাকায় ফুটপাত উন্নয়ন ও সংস্কার করা হলেও তদারকির অভাবে পথচারীরা উন্নয়ন কার্যক্রমের সুফল পাচ্ছেন না। অবিলম্বে নগর পরিকল্পনায় পথচারীদের প্রাধান্য দিয়ে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
মানববন্ধনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামসহ (নাসফ) বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় লোকজন অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, অসংখ্য মানুষের কর্মস্থল ও আবাসিক এলাকা থাকায় মোহাম্মদপুর বাসস্ট্যান্ড শহরের অন্যতম ব্যস্ত এলাকা। প্রতিনিয়ত নিত্যনৈমিত্তিক প্রয়োজনে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে আসাদগেট পর্যন্ত সড়কের ফুটপাত ধরে অসংখ্য মানুষ চলাচল করেন। এ ছাড়া এলাকাটিতে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানও রয়েছে। এ সময় ফুটপাত দিয়ে হেঁটে চলাচলের নানা প্রতিবন্ধকতা তুলে ধরেন তাঁরা। সমস্যা সমাধানে বিভিন্ন দাবি তুলে ধরেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

দাবিগুলো হলো ভাঙাচোরা ফুটপাত সংস্কার, ফুটপাতে হাঁটার পর্যাপ্ত জায়গা নিশ্চিত করা; পথচারীর জন্য বসার ব্যবস্থা, ছাউনি, পাবলিক টয়লেট; পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করে ফুটপাত নির্মাণ ও রক্ষণাবেক্ষণ; সমতলে রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং, সাইন, সিগন্যাল লাইট ও সাইনবোর্ড স্থাপন; হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য ফুটপাতে ঢালু পথ (র‌্যাম্প) তৈরি; দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহার উপযোগী করে ফুটপাতে টেকটাইলস স্থাপন; জেব্রা ক্রসিংয়ের আগে গাড়ি থামানোর জন্য আইনের প্রয়োগ নিশ্চিত; ফুটপাত ও সড়কে অবৈধ পার্কিং বন্ধ এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণ; ফুটপাতে মোটরসাইকেল চালনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ; হকারদের উচ্ছেদ না করে ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসা ও নিয়মিত মনিটরিং করে ব্যবস্থা নেওয়া।