রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহ্রীরের মিছিল
নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীর গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগর থেকে বায়তুল মোকাররম পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে। এর আগে বিজয়নগরে সংগঠনটি সংক্ষিপ্ত সমাবেশও করে।সংগঠনের বিতর্কিত কার্যকলাপের কারণে বাংলাদেশ সরকার এর সব কার্যক্রম নিষিদ্ধ করে। তবে পুলিশ দাবি করেছে, সংগঠনটি বিজয়নগর থেকে মিছিল বের করার চেষ্টা করেছিল। কিন্তু পুলিশের তৎপরতার কারণে তা সফল হয়নি।পল্টন থানার পুলিশ জানায়, বিজয়নগর এলাকা থেকে কয়েকজন মিছিল করার চেষ্টা করলে সহকারী কমিশনারের (টহল) নেতৃত্বে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় ১৫-২০ জন মিছিলকারী ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বিজয়নগরের ওই এলাকাটি শাহবাগ থানার মধ্যে পড়লেও শাহবাগ থানার পুলিশ এ ব্যাপারে কিছু জানে না বলে দাবি করেছে। জানা গেছে, হিযবুত তাহ্রীর ফ্রান্স, ব্রিটেন ও আমেরিকাকে সাম্রাজ্যবাদী কুফর রাষ্ট্র উল্লেখ করে এসব দেশের বিরুদ্ধে লিবিয়ায় নগ্ন আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে। গতকাল সন্ধ্যায় সংগঠনের মিডিয়া কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই আগ্রাসনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করার কথা জানানো হয়েছে।