রাজধানীতে পানি-বাণিজ্য
‘কল খুললে পানি প্রায় আসেই না। কখনো একেবারেই বন্ধ। ওয়াসার গাড়ি থেকে কেনা পানির দাম বেড়েছে দ্বিগুণ। রোজার মধ্যে বড় সমস্যায় আছি।’ কথাগুলো বলছিলেন ইস্কাটনের শান্তিকুঞ্জের বাসিন্দা আবদুর রহিম।পানির সমস্যার কারণে ইফতার ও সেহিরর সময় তাঁর মতো অনেকেই বিপাকে পড়ছেন। আর এর সুযোগ নিচ্ছে ঢাকা ওয়াসার এক শ্রেণীর অসাধু লোক। শান্তিকুঞ্জ ও গাউসনগর এলাকাবাসী জানান, পবিত্র রমজানের শুরুতে তাঁদের কাছ থেকে এক গাড়ি পানির দাম কমপক্ষে ৮০০ টাকা নেওয়া হতো। এখন এক হাজার টাকা। কোনো কোনো ক্ষেত্রে ১২০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। রোজার মধ্যে অত্যন্ত জরুরি বলে বেশি দামে পানি কিনতে বাধ্য হচ্ছেন তাঁরা।ওয়াসা সূত্র জানায়, এক হাজার ৮০০ গ্যালনের এক গাড়ি পানির দাম ছিল ৪০০ টাকা। গত ১ জুলাই থেকে ৫০০ টাকা করা হয়। কিন্তু দেখা যায়, ওয়াসার গাড়ির গায়ে আগে দাম লেখা থাকলেও এখন আর নেই। সেটি ঘষে তুলে ফেলা হয়েছে। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান প্রথম আলোকে বলেন, ‘আমার কাছেও অভিযোগ এসেছে, কমপক্ষে ৭০০ টাকা না দিলে পানির গাড়িওয়ালারা আসতে চায় না। দু-এক দিন ধরে শুনছি, ঈদের কথা বলে ৮০০ টাকাও চাচ্ছে। বিষয়টি ভালোভাবে খোঁজ করে ব্যবস্থা নেওয়া হবে।’ ওয়াসার জরুরি নিয়ন্ত্রণকক্ষের নির্বাহী প্রকৌশলী অরুণ কুমার বিশ্বাস (সিস্টেম অ্যান্ড অপারেশন) বলেন, ‘পানির গাড়ির দাম জুলাই থেকে ১০০ টাকা বাড়ানো হয়েছে। বাড়তি দাম নেওয়ার অভিযোগ কেউ করেনি।’ইস্কাটনে গিয়ে জানা গেছে, পবিত্র রমজানের শুরু থেকেই এলাকায় পানির সংকট। এখানে পানি সরবরাহ হয় ইস্কাটন লেডিস ক্লাব-সংলগ্ন গভীর নলকূপ থেকে। বেশ কয়েক দিন ধরে পাম্পটি বিকল। ঠিক হয়ে যাবে বলে এলাকাবাসীকে আশ্বাস দেওয়া হচ্ছে। এলাকার ব্যবসায়ী নূরুল ইসলাম বলেন, ‘ওয়াসা তো বলেছিল রমজান মাসে পানির সমস্যা যাতে না থাকে, তার জন্য পুরো ব্যবস্থা থাকবে। তাহলে পানির পাম্পটি ঠিক করতে এত দেরি হচ্ছে কেন? আমাদের কেন অস্বাভাবিক দামে পানি কিনতে হচ্ছে?’এ প্রসঙ্গে ওয়াসার এমডি বলেন, লেডিস ক্লাব-সংলগ্ন পাম্পটি সম্পূর্ণ অকেজো। তাই নতুন পাম্প বসাতে হচ্ছে। আরও অন্তত ১০-১২ দিন সময় লাগবে। তিনি বলেন, ট্রলি দিয়ে জরুরি ভিত্তিতে এলাকায় পানি সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। এলাকাবাসীর মন্তব্য, ঈদ-বাণিজ্যের জন্য পাম্পটি চালু করতে দেরি করা হচ্ছে।অভিযোগ রয়েছে, বিভিন্ন এলাকায় পানির সংকটকে পুঁজি করে বোতলজাত পানির এবং জারের দামও বাড়িয়ে দিয়েছেন দোকানি ও সরবরাহকারীরা। ইস্কাটন এলাকায় ওয়াসার আধা লিটারের বোতলজাত পানি ‘শান্তি’ ১১ টাকার জায়গায় ১২-১৩ টাকায় বিক্রি হচ্ছে। ৩০ থেকে ৪০ টাকার ২০ লিটারের জারের দাম এখন ৫০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।পূর্ব রাজাবাজার জামে মসজিদের পূর্ব পাশে প্রাথমিক বিদ্যালয়ের কাছে ওয়াসার পাম্প থেকে পানি নিয়ে জারে ভর্তি করে বিক্রি করছেন এক শ্রেণীর ব্যবসায়ী। সন্ধ্যার পর সেখানে বড় আকারের ১২-১৩টি প্লাস্টিকের ড্রাম জমা থাকে। অথচ এলাকায় পানি ঠিকমতো সরবরাহ করা হচ্ছে না বলে অভিযোগ।মগবাজারে বিশাল শপিং সেন্টারের পাশে ওয়াসার পাম্পে রাতের বেলায়ও পানির জন্য বস্তিবাসী, এমনকি মধ্যবিত্ত গ্রাহকদেরও লাইন পড়ে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও পানি মেলে না। কিন্তু টাকা দিলে বাড়ি পর্যন্ত গিয়ে পানি দিয়ে আসার লোক পাওয়া যায়।রাজধানীর গোপীবাগ, অভয়দাস লেন, কেএম দাস লেন এলাকার অনেক বাড়ির বাসিন্দাই টাকা দিয়ে টিকাটুলী পানির পাম্প থেকে জারভর্তি পানি নিয়ে আসে। অভয়দাস লেন এলাকার বাসিন্দা আবদুর রশিদ জানান, পাম্প বন্ধ রেখে হাউস থেকে পানি নিয়ে জার ভর্তি করা হয়। সেই জার বিক্রি হয় ২৫ থেকে ৩০ টাকায়।জুরাইনের নূরানী মসজিদে এবং আশপাশের এলাকায় পানির সংকট চলছে বলে এলাকার সাংসদ সানজিদা খাতুন ব্যবস্থাপনা পরিচালককে ফোন করে জানিয়েছেন। এমডি তাকসিন এ খান জানালেন, এখন গড়ে প্রায় ২২০ কোটি লিটার করে পানি উৎপাদন হচ্ছে। তাই সংকট এখন প্রায় নেই বললেই চলে। তিনটি পাম্প খারাপ থাকলেও দ্রুত সারানোর চেষ্টা হচ্ছে। নতুন আরও চারটি বসানো হচ্ছে।