রাজধানীতে পৃথক ঘটনায় তিনটি অপমৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গত বুধবার পৃথক ঘটনায় তিনজন মারা গেছেন। সন্ধ্যার দিকে বনানীর স্টাফ রোড রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাস উল্টে জয়নাল মৃধা (৫৪) নামের এক ব্যক্তি নিহত হন। রাতে খিলগাঁও রেললাইন থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির (৫৫) ট্রেনে কাটা লাশ উদ্ধার করে পুলিশ। বিকেলে বনানীর একটি বাসা থেকে রুবিনা (২৫) নামের এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঢাকার কমলাপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) অহিদুল হক প্রথম আলোকে জানান, বুধবার সন্ধ্যা সাতটার দিকে বিমানবন্দর থেকে মহাখালীগামী স্কাইলাইন পরিবহনের একটি বাস রেলক্রসিং পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসের দরজায় দাঁড়িয়ে থাকা যাত্রী জয়নাল মৃধা বাইরে ছিটকে পড়েন এবং বাসটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় তাঁর স্ত্রী বিলকিছও সামান্য আহত হন। কমলাপুর রেলওয়ে থানায় এ ব্যাপারে একটি মামলা হয়েছে। নিহত জয়নাল মৃধা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত নায়েক ছিলেন। তাঁর গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জের লক্ষ্মীবাশা গ্রামে। বাবা মৃত ওয়াজেদ মৃধা। এসআই অহিদুল হক আরও জানান, বুধবার রাত একটার দিকে খিলগাঁও রেললাইন এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির (৫৫) রেলে কাটা লাশ উদ্ধার করা হয়। ওই ব্যক্তির চুল ও দাড়ি আধাপাকা। পরনে জিন্স প্যান্ট ও ছেঁড়া গেঞ্জি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) আফাজ উদ্দিন জানান, বনানীর স্টাফ রোড এলাকার ডিওএইচএসের ৪ নম্বর লেনের ১৫৪ নম্বর বাড়ির দ্বিতীয় তলা থেকে গৃহকর্মী রুবিনার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। লাশটি গোসলখানার ঝরনার লোহার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছিল। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ওই বাসার গৃহকর্ত্রী ছেমন আরা বেগম ও রুবিনার পরিবারের বরাত দিয়ে এসআই আরও জানান, রুবিনা বিবাহিত ছিলেন। কয়েক মাস আগে ওই বিয়ে ভেঙে যায়। তাঁর ছয় বছরের একটি মেয়ে আছে। মেয়ে স্বামীর কাছে থাকে। এ নিয়ে কান্নাকাটি করতেন রুবিনা। এরই মধ্যে রুবিনার পরিবার অন্য এক জায়গায় তাঁর বিয়ে ঠিক করে। ধারণা করা হচ্ছে, এরই জের ধরে রুবিনা আত্মহত্যা করেছেন। নিহত রুবিনার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বালাকোট গ্রামে। বাবা মৃত নায়েব আলী।