রাজধানীতে পৃথক ঘটনায় দুই খুন
রাজধানীতে পৃথক ঘটনায় দুজন খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে নগরের কাওলা ও মিরপুরে ওই হত্যাকাণ্ড ঘটে। নিহত ব্যক্তিরা হচ্ছেন ভ্যানচালক মোস্তাকিম (৩৩) ও নির্মাণশ্রমিক মোবারক হোসেন (৩০)।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে মোবারক মিরপুরের ৮৩ বড়বাগে একটি নির্মাণাধীন ভবনের ছয়তলায় কাজ করছিলেন। কাজ নিয়ে সহকর্মী শেখ মনির হোসেনের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মনির এক টুকরো রড দিয়ে মোবারকের ঘাড়ে আঘাত করেন। এতে মোবারক লুটিয়ে পড়ার পরও মনির রড দিয়ে তাঁকে মারতে থাকেন। সহকর্মীরা মোবারককে বাঁচাতে এগিয়ে গেলে মনির তাঁদের দুজনকেও পেটান। মোবারককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মনির পালিয়ে গেছেন।এদিকে গতকাল ভোর সোয়া পাঁচটার দিকে বিমানবন্দর থানার কাওলা বনরূপা মহাসড়কে দুর্বৃত্তরা ভ্যানচালক মোস্তাকিমের কাছ থেকে গাড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে দুর্বৃত্তরা তাঁকে ছুরি মেরে পালিয়ে যায়। মোস্তাকিম ঘটনাস্থলে মারা যান।