রাজধানীতে পৃথক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ৩
রাজধানীতে গতকাল শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশের এক সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে কারওয়ান বাজারে মিনিবাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী কনস্টেবল সোহেল রানা (৩২)।
এ ছাড়া খিলগাঁওয়ে সাততলা বাড়ির ছাদ থেকে পড়ে এক ব্যক্তি মারা গেছেন। এই চারজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
তেজগাঁও থানার পুলিশ জানায়, গতকাল বেলা আড়াইটার দিকে কারওয়ান বাজারে এমআরএস ভবনের কাছে মিরপুরগামী যাত্রীবাহী একটি মিনিবাস একটি মোটরসাইকেলকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী পুলিশের বিশেষ শাখার (এসবি) কনস্টেবল সোহেল রানা। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সোহেল রানা ফার্মগেটের দিকে যাচ্ছিলেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, মোটরসাইকেলকে ধাক্কা দিয়েই দ্রুত মিনিবাস নিয়ে চালক পালিয়ে যান। পরে শেওড়াপাড়া থেকে মিনিবাসসহ চালককে আটক করা হয়। নিহত সোহেলের পরিচয়পত্রে দেখা গেছে, তাঁর গ্রামের বাড়ি কুষ্টিয়ার থানাপাড়ার পুলিশ লাইন এলাকায়। তাঁর বাবার নাম খলিলুর রহমান।
এদিকে কুড়িল বিশ্বরোড এলাকায় ভোরবেলায় একটি বাসের চালক হঠাৎ সজোরে ব্রেক কষলে বাসের সামনের দিকে বসা যাত্রী নাসরিন আক্তার (১৯) সামনের কাচ ভেঙে সড়কে পড়ে নিহত হন। খিলক্ষেত থানার ওসি নজরুল ইসলাম বলেন, নিহত তরুণীর গ্রামের বাড়ি বরিশালের হিজলায় বলে জানা গেছে। তিনি লঞ্চে এসে ভোরে ঢাকার সদরঘাটে নামেন। সেখান থেকে বাসযোগে টঙ্গী যাচ্ছিলেন। বসেছিলেন একেবারে সামনের মহিলা আসনে। বাসটি কুড়িল বিশ্বরোড উড়ালসড়কের নিচে পৌঁছানোর পর চালক হঠাৎ সজোরে ব্রেক করেন। এতে নাসরিন বাসের সামনের কাচ ভেঙে সড়কে পড়ে যান। তাঁকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই বাসের আরেকজন যাত্রী আহত হন। তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, নাসরিন টঙ্গীতে পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা গেছে। তাঁর স্বজনদের খবর দেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
কাফরুল থানার ওসি আবদুল কাইয়ুম বলেন, সকাল আটটার দিকে শেওড়াপাড়ায় বাসের ধাক্কায় মো. সেলিম (৪৫) নামের একজন ঘটনাস্থলেই মারা গেছেন। রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। সেলিমকে ধাক্কা দিয়েই চালক বাস নিয়ে পালিয়ে গেছেন। সেলিম পরিবার নিয়ে শেওড়াপাড়ায় থাকতেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
ছাদ থেকে পড়ে মৃত্যু: খিলগাঁওয়ের তালতলা এলাকায় গতকাল বেলা ১১টার দিকে সাততলা একটি বাড়ির ছাদ থেকে পড়ে মনিরুজ্জামান (৫৩) নামের এক ব্যক্তি মারা গেছেন।
খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) কবীরুল ইসলাম বলেন, মনিরুজ্জামান বাড়ির ছাদে কবুতর পালতেন। গতকাল ছাদের পানির ট্যাংকের ওপর উঠে তিনি কবুতরকে খাবার দিচ্ছিলেন। বৃষ্টির পানিতে পিচ্ছিল হয়ে যাওয়া ট্যাংক থেকে পিছলে তিনি একেবারে নিচে পড়ে যান। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।