রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

রাজধানীর সবুজবাগে সড়ক দুর্ঘটনায় সোহেলা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। তিনি বিভিন্ন বাসাবাড়িতে কাজ করেন।

এদিকে গতকাল শুক্রবার রাতে খিলগাঁওয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নাসরিন খানম (২০) নামে মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী মোটরসাইকেলচালক মো. শিপন আহত হন।

সবুজবাগে নিহত সোহেলার বিষয়ে সবুজবাগ থানার এসআই রুহুল আমিন বলেন, মাদারটেকের বাসা থেকে সোহেলা সিদ্ধেশ্বরী যাচ্ছিলেন। তিনি সকাল ৬টার দিকে বৌদ্ধমন্দিরের সামনের রাস্তা হেঁটে পার হচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে থাকতে পারে। খবর পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এসআই রুহুল আমিন আরও জানান, সোহেলার গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুরে। তাঁর স্বামী সাইফুল ইসলাম পেশায় একজন রিকশাচালক।

এদিকে খিলগাঁও থানা-পুলিশ জানায়, শুক্রবার রাতে খিলগাঁওয়ের তিলপাপাড়ার ১৩ নম্বর সড়কে ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় মারা যান নাসরিন। এ ঘটনায় ময়লাবাহী গাড়িচালক বকুল মিয়াকে আটক করা হয়েছিল। তবে নাসরিনের পরিবার কোনো অভিযোগ করতে রাজি হয়নি। তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে গেছে। এ কারণে বকুলকে ছেড়ে দেওয়া হয়েছে।

খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম প্রথম আলোকে বলেন, পরিবার কোনো আইনি প্রক্রিয়াতে যেতে রাজি হয়নি। পরে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।