রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
রাজধানীর কাফরুল ও যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল শনিবার দুই ব্যক্তি মারা গেছে। দুটি ঘটনায় পুলিশ গাড়িসহ চালকদের আটক করেছে। কাফরুল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মশিউর রহমান জানান, গতকাল সকাল ১০টার দিকে আগারগাঁওয়ে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের বিপরীত পাশের সড়ক পার হচ্ছিলেন আবদুল খালেক (৪৫) নামের এক ব্যক্তি। এ সময় আগারগাঁও থেকে মালিবাগের দিকে আসা একটি পিকআপ তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। ঘটনার পর পিকআপসহ চালক শাহজাহানকে (৩৮) আটক করা হয়। আবদুল খালেক রাজধানীর পান্থপথের একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। বাবা জালাল আহমেদ। সকাল সাতটার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাসের ধাক্কায় গুরুতর আহত হন রফিকুল ইসলাম (২৫) নামের এক যুবক। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা পৌনে তিনটার দিকে তিনি মারা যান। এ ঘটনার পর পুলিশ গুলিস্তান-ডেমরা রুটের এ বাসটি আটক করে। বাসের চালক রুবেল হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়। যাত্রাবাড়ী থানার এসআই রাশেদুল আলম বলেন, রফিকুল পেশায় মাটিকাটার শ্রমিক ছিলেন। তাঁর বাসা মাতুয়াইলের মাদ্রাসাবাজার এলাকায়। শুক্রবার ওয়ারী এলাকায় তিনি সারা রাত মাটিকাটার কাজ করার পর সকালের দিকে বাসায় ফিরছিলেন। বাসার কাছেই দ্রুতগামী বাস তাঁকে ধাক্কা দেয়। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। বাবা আবদুস শহীদ।