রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার ভোরে যাত্রাবাড়ীতে ও গতকাল শুক্রবার দিবাগত রাতে বাড্ডায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন আনোয়ার হোসেন (৫৪) ও মো. ফয়সাল (২৮)। ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ আজ ভোরে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে নেওয়া হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন প্রথম আলোকে বলেন, আজ ভোরে রাজধানীর ডেমরার বাসা থেকে আনোয়ার হোসেন মোটরসাইকেল চালিয়ে ধানমন্ডিতে যাচ্ছিলেন। পথে হানিফ ফ্লাইওভারের নিচে কাজলা এলাকায় পৌঁছালে একটি গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন তিনি। এতে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে  মৃত ঘোষণা করেন। আনোয়ারকে কোন গাড়ি ধাক্কা দিয়েছে, তা কেউ জানাতে পারেননি।

অপর দিকে বাড্ডা থানার এসআই শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, শুক্রবার রাত সোয়া ১২টার দিকে ফয়সাল ও অপরজন বাড্ডা জেনারেল হাসপাতালের সামনের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই ফয়সালের মৃত্যু হয়। আহত হন রাস্তা পার হতে যাওয়া অপর ব্যক্তি হরিচরণ। তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত ফয়সাল নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা চরকাঁকড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।